ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা তুলে নেওয়া ও খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ সাত দফা বাস্তবায়ন না করলে নির্বাচনে যাবে না বিএনপি।
দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "সাত দফা দাবি মেনে নেওয়া না হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না। বাধ্য হয়ে নিবন্ধন করলেও নির্বাচনের ক্ষেত্রে তা হবে না।"
সাত দফার অন্য দাবিগুলো হলো- রাজনৈতিক নেতাদের মুক্তি, উপজেলা নির্বাচন পেছানো, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিল, নির্বাচনের পরিবেশ সৃষ্টি ও সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ গেজেট বাতিল।
বিএনপির সাবেক সাংসদ জয়নাল আবেদীন বুধবার দুপুরে তার নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের নিয়ে ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ারের সঙ্গে দেখা করতে গেলে বিএনপি মহাসচিব আরো বলেন, "এখনো নির্বাচনের পরিবেশ তৈরি করেনি সরকার। জরুরি অবস্থার মধ্যে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা বার বার সরকারকে বলে আসছি, বিএনপি নির্বাচনে বিশ্বাসী। কিন্তু পরিবেশ তৈরি না হলে কোনো পাতানো নির্বাচনে আমরা অংশ নেব না।"
এর আগে নেতাকর্মীরা ফুল দিয়ে খোন্দকার দেলোয়ারকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে নোয়াখালীর সেনবাগ থানা বিএনপির সাংগঠনিক প্রতিবেদন মহাসচিবকে দেওয়া হয়।
জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সেনবাগ পৌর মেয়র ও বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, ইউসুফ মজুমদার, মোমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, আবদুর রহমান, আবু সিদ্দিক, কৃষক দলের আবুল কাশেম, যুবদলের ভিপি জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এসকে/১৭০২ঘ.
bdnews24