ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ৭ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে বিচারিক আদালত।
বুধবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার সংসদ ভবনে স্থানান্তরিত বিশেষ এজলাসে বসে এ আদেশ দেন।
গত ২০ আগস্ট মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
বুধবার আদালতের কার্যক্রম শুরু হলে মামলার তিন আসামী সৈয়দ ইউসুফ হোসেন, মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত এবং মির্জা আখতার মারুফের পক্ষে আইনজীবীরা মামলাটির সাক্ষ্যগ্রহণ ন্যায়বিচারের স্বার্থে চারমাসের জন্য মুলতবির আবেদন জানান।
তারা জানান, এ মামলার আসামী শেখ হাসিনা এবং ব্যবসায়ী নূর আলীর রিট আবেদনের পরিপেক্ষিতে উচ্চ আদালত তিন এবং এবং অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ আবেদনের পরিপ্রেক্ষিতে চার মাসের জন্য এ মামলার কার্যক্রম স্থগিত করেছে।
তারা বিচারিক আদালতেও মামলাটির কার্যক্রম চারমাসের জন্য মুলতবি করার আবেদন জানান।
এরপর বিচারক মামলাটির কার্যক্রম আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন।
এদিন শেখ হাসিনার পক্ষে আদালতে হাজিরা দেন অ্যাডভোকেট সাহারা খাতুন।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮ টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করা হয়। এতে অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে 'অপ্রয়োজনে' এই ৮টি মিগ-২৯ বিমান কেনায় রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মির্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের মালিক ব্যবসায়ী নূর আলী।
এ মামলার অন্যতম আসামি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মুস্তাফিজুর রহমান গত ৩ আগস্ট মারা যাওয়ায় এ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১৩৩৯ ঘ.
bdnews24