২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাস, মোশাররফ, কামাল মজুমদারের জামিন বহাল

সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাংসদ কামাল আহমেদ মজুমদার ও সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের স্ত্রী আসমা কামরানের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাংসদ কামাল আহমেদ মজুমদার ও সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের স্ত্রী আসমা কামরানের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। তাদের দেওয়া হাইকোর্টের জামিন স্থগিতে দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডের আবেদনের পর মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন হাইকোর্টের আদেশ বহাল রাখেন। কর ফাঁকির মামলায় পাঁচ বছরের সাজা পাওয়া মির্জা আব্বাসের মামলার কার্যক্রম স্থগিত রাখার আদেশও বহাল রেখেছে আপিল বিভাগ। অন্যদিকে, নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনকে দেওয়া জামিন বহাল রাখেন চেম্বার বিচারপতি। তবে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদারকে কর ফাঁকির মামলায় জামিন বহাল রেখে চেম্বার বিচারপতি এ মামলার ওপর হাইকোর্টের স্থগিতের আদেশ স্থগিত করে দেন। এছাড়া, আসমা কামরানকে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে চেম্বার বিচারপতি এ মামলার দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেন। তাদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, শাহ আল ও আহসানুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/১৮২১ঘ.