ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিজ এলাকা নরসিংদীর শিবপুরে গণসংযোগ করার সময় মঙ্গলবার সাবেক সাংসদ আবদুল মান্নান ভুঁইয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
মান্নান ভূঁঁইয়ার ব্যক্তিগত সহকারি নুরুল আমিন রিকাবদার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' স্যার সকাল সাড়ে ১১টার দিকে গণসংযোগ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সদর হাসপাতালের দু'জন ডাক্তার তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এখন অবস্থা একটু উন্নতির পথে। স্যার সড়ক পথে ঢাকায় ফিরছেন।''
এর আগে বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া মঙ্গলবার সকাল ১১টায় সড়ক পথে শিবপুরের বেলানগর পৌঁছলে শতাধিক মোটর সাইকেলের বহর তাকে স্বাগত জানিয়ে দুলালপুর ইউনিয়নে নিয়ে যায়। বহরের ছাত্র দল কর্মীরা তার পক্ষে ' মুক্তিযুদ্ধের দূর্গ, মান্নান ভুঁইয়ার শক্তি'সহ বিভিন্ন শ্লোগান দেয়।
দুলালপুরে নেমে মান্নান ভূঁঁইয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কুশল বিনিময় করেন। এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শিবপুর ডাকবাংলায় নিয়ে যাওয়া হয়। সেখানে নরসিংদী সদর হাসপাতালের ডা. আমীর আলী ও ড. ফারুক আহমেদ তার চিকিৎসা করেন। চিকিৎসকরা তাকে কিছুক্ষণ বিশ্রাম করে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
ডা. আমীর আলী বলেন, মান্নান ভূঁইয়া হাইপোগ্লাইসিমিয়ায় (রক্তে শর্করা কমে যাওয়া) আক্রান্ত হয়েছিলেন।
নরসিংদী প্রতিনিধি জানান, উপজেলার গড়বাড়ি, দুলালপুর মোড়, লাখপুর বাজার, পাড়াতলা বাজার, শিমুলয়া বাজার ও বৈচারবাজারের কর্মসূচি স্থগিত করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে বিএনপির থানা শাখার নেতা মাস্টার আবুল হারিছ রিকাবদার, আরিফুল ইসলাম মৃধা, যুব দল নেতা মোফাজ্জল হোসেন খান সেজু, মোস্তাফিজুর রহমান বাবু, ছাত্র দলের সভাপতি আজমল হুদা মিঠু, মহিলা দলের লুৎফর নাহার লুৎফা ও মুক্তি যোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম খান জিনুসহ অনেকে উপস্থিত ছিলেন।
মান্নান ভূঁইয়ার অসুস্থতার খবর শুনে শিবপুর ডাক বাংলোর চারপাশে বেশ কিছু মানুষ ভিড় করেন।
২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া দলের মহাসচিব পদ ও দল থেকে 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত এ নেতাকে বহিস্কার করেন।
মান্নান ভূঁইয়া গত সপ্তাহে নরসিংদীতে গণসংযোগ করতে এসে ঘোষণা দেন, 'শিবপুরবাসীর উন্নয়নে' আগামী নির্বাচনে দলবিহীনভাবেই প্রার্থী হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/এসকে/১৬৫৯ঘ.
bdnews24