২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ অক্টোবর সারাদেশে চার দলের সমাবেশ

জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচন পেছানোসহ ৭ দফা দাবিতে আগামী ২৬ অক্টোবর সারাদেশে সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে চার দল। সোমবার রাতে চার দলের মহাসচিবদের বৈঠকের পর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 04:02 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচন পেছানোসহ ৭ দফা দাবিতে আগামী ২৬ অক্টোবর সারাদেশে সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে চার দল। সোমবার রাতে চার দলের মহাসচিবদের বৈঠকের পর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। ৭ দফা দাবির অন্যগুলো হচ্ছে- খালেদা জিয়াসহ জোট নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, বন্দি নেতাদের মুক্তি, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আবার সংশোধন, পুরনো আসন সীমানায় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি। সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ারের বাসায় চার দলের মহাসচিবদের এ বৈঠক হয়। এতে নির্বাচন কমিশনের নিবন্ধনসহ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলেও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, "চার দল আগামী ১৮ ডিসেম্বরের নির্বাচনে অংশ নিতে চায়। তাই নির্বাচন নিয়ে জনমনের সংশয় দূর করতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। সময় একেবারেই নেই।" বিএনপি মহাসচিব বলেন, "চার দলকে নির্বাচন থেকে বাইরে রাখার ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে আমরা সরকার ও নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া শর্তে নিবন্ধন করতে বাধ্য হয়েছি। তারপরও আমরা আশা করব, সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবে।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, আরেক দফা সংলাপের বিষয়ে সরকারের পক্ষ থেকে বিএনপিকে এখনো কিছু জানানো হয়নি। দেলোয়ারের সভাপতিত্বে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, মহানগর আহ্বায়ক তৈয়বুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা শহীদ উদ্দিন ও বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২১৫৭ ঘ.