২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫টির বেশি দল নিবন্ধিত হতে পারবে না: এম সাখাওয়াত

প্রায় দেড়শ রাজনৈতিক দল ফরম সংগ্রহ করলেও সব শর্ত পূরণ করে শেষ পর্যন্ত ২৫টির বেশি দল নিবন্ধিত হতে পারবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মঈনুল হক চৌধুরীকে তিনি বলেছেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়ায় এবং 'বিদ্রোহী প্রাথীর্' হওয়ার সুযোগ না থাকায় এবার প্রার্থীর সংখ্যাও কমবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দেড়শ রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ফরম সংগ্রহ করলেও সব শর্ত পূরণ করে শেষ পর্যন্ত ২৫টির বেশি দল নিবন্ধিত হতে পারবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এবার নির্বাচনে আগের মতো আর নাম সর্বস্ব রাজনৈতিক দলের ছড়াছড়ি থাকবে না। প্রধান দলগুলোকে নিয়েও নিবন্ধনযোগ্য ২০-২৫টি দলই রয়েছে। যাচাই বাছাইয়ের পর যোগ্য বিবেচিতদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে নিবন্ধন সনদ দেওয়া হবে।" সাখাওয়াত হোসেন মনে করেন, গণপ্রতিনিধিত্ব আদেশে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়ায় এবং কোনো দলের বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ না থাকায় এবার প্রার্থীর সংখ্যাও অনেক কমে আসবে। তার মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট প্রার্থীর সংখ্যা হতে পারে দেড় হাজারের মতো। ২০০৭ সালের ২২ জানুয়ারি বাতিল হওয়া নির্বাচনে ৭৫টি রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মিলে দুই হ্জাারেরও বেশি প্রার্থী নির্বাচনে মনোনয়ন দাখিল করে। সাখাওয়াত হোসেন বলেন, "রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদনের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে তারা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চায়। আশা করি, প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোসহ নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক দলগুলো ২০ অক্টোবরের মধ্যে নিবন্ধন করে ফেলবে।" কমিশনের কর্মকর্তারা জানান, প্রায় দেড়শ' রাজনৈতিক দল প্রায় পৌনে দুইশ' আবেদন সংগ্রহ করলেও শনিবার পর্যন্ত আবেদন জমা দিয়েছে ৩০টি দল। এসব আবেদন যাচাই-বাছাই কমিটির একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকটি দলের নিবন্ধন আবেদন বাতিল করার সুপারিশ করেছে কমিটি। এছাড়া কয়েকটি দলের দেয়া তথ্য যাচাইয়ে মাঠপর্যায়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন জানান, কোনো দল নিবন্ধন না করলেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে কোনো বাধা নেই। তিনি বলেন, "নির্বাচনের জন্য নিবন্ধন মানে দলগুলোকে নিয়ন্ত্রণ নয়, বরং রাজনীতিতে স্বচ্ছতা ও গণতান্ত্রিকতা ফিরিয়ে আনতে সহযোগিতা করার জন্যই এ নিবন্ধন।'' এম সাখাওয়াত হোসেন জানান, সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, মাঠপর্যায়ের মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে মনোনয়ন চূড়ান্ত করতে হবে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রেও নতুন শর্ত দেয়া হয়েছে। এতে করে দলে বিদ্রোহী প্রার্থী হওয়া বা 'মনোনয়ন বাণিজ্যের' সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। তিনি বলেন, "নিবন্ধিত দলের তৃণমূল পর্যায় থেকে ৫ জন প্রার্থীর নামের একটি তালিকা কেন্দ্রে পাঠানো হবে। সেই তালিকা থেকে একজন প্রার্থীর নাম দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে কমিশনের হাতে আসবে। এতে করে তালিকার বাকি প্রার্থীদের মনোনয়ন আবেদন এমনিতেই বাতিল হয়ে যাবে।" নির্বাচন কমিশনার জানান, স্বতন্ত্র প্রার্থীদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ প্রমাণাদি মনোনয়ন আবেদনের সঙ্গে জমা দিতে হবে। ফলে অতীতের তুলনায় এ ধরনের প্রার্থীর সংখ্যা কমে আসবে। আর নিজের দল থেকে মনোনয়ন না পাওয়ারা নতুন করে ভোটারদের সই জমা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ পাবেন না। কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, ১৯৯৬ সালে অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক দল (৮১টি) এবং ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ৩০০০ প্রার্থী অংশ নেয়। ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সংসদ নির্বাচনে ১৪টি দল অংশ নেয় এবং প্রার্থীর সংখ্যা ছিল প্রায় ১১০০। ১৯৭৯ এর ১৮ ফেব্র"য়ারি দ্বিতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় ২৯ দল। প্রার্থীর সংখ্যা ছিল ২১ শ'র কিছু বেশি। ১৯৮৬ সালের ৭ মে তৃতীয় সংসদ নির্বাচনে ২৮টি দল ও স্বতন্ত্রসহ মোট প্রার্থী ছিল প্রায় দেড় হাজার। ১৯৮৮ এর ৩ মার্চ হওয়া চতুর্থ সংসদ নির্বাচনে মাত্র ৯টি দল অংশ নেয়। আর প্রার্থী সংখ্যা ছিল প্রায় ১০০০। ১৯৯১ সালে ২৭ ফেব্র"য়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম সংসদ নির্বাচন। এতে ৭৫টি দল ও স্বতন্ত্র মিলিয়ে প্রায় ৩ হাজার প্রার্থী অংশ নেন। ১৯৯৬ এর ১৫ ফেব্র"য়ারি অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে অংশ নেয় ৪২টি দল। প্রার্থীর সংখ্যা ছিল ১৭ শ'র কিছু বেশি। এরপর ১৯৯৬ এর ১২ জুন হওয়া সপ্তম সংসদ নির্বাচনে ৮১টি দল ও স্বতন্ত্র মিলিয়ে প্রায় আড়াই হাজার প্রার্থী নির্বাচনে অংশ নেন। আর ২০০১ সালের ১ অক্টোবর সর্বশেষ অষ্টম সংসদ নির্বাচনে ৫৫টি রাজনৈতিক দল এবং প্রায় ১৯০০ প্রার্থী অংশ নেয়। এই আটটি নির্বাচনের মধ্যে শেষ দুটি নির্বাচনে সর্বোচ্চ ৭৬ শতাংশ ভোট পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/১৭৩৫ ঘ.