ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদাসহ অন্য দুই নির্বাচন কমিশনার।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে এ বৈঠক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিবি বলেন, ''ছবিসহ ভোটার তালিকার কপি হাতে পাওয়ার পর নির্বাচনের পথে সার্বিক প্রস্তুতি প্রধান উপদেষ্টাকে অবহিত করেছি আমরা।''
উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সাখাওয়াত বলেন, ''উপজেলা নির্বাচনের কথা তো আগেই বলা হয়েছে, জাতীয় নির্বাচনের পরই তা হবে। সরকার জাতীয় নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করতে চায়। এ লক্ষ্যে জাতীয় নির্বাচনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।''
রাজনৈতিক দলের নিবন্ধনসহ জাতীয় নির্বাচনে সরকার ও ইসির করণীয় বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, এ পর্যন্ত কতগুলো রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছে তা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত আওয়ামী লীগসহ ২৯ দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। অন্যদিকে, বিএনপি নেতৃত্বাধীন জোট বলেছে, সরকারের সঙ্গে আলোচনা করে তারা নিবন্ধনের সিদ্ধান্ত জানাবে। ২০ অক্টোবর নিবন্ধন আবেদনের সময়সীমা শেষ হবে। এর আগেই সরকারের সঙ্গে বিএনপি'র আরেকদফা বৈঠকের কথা রয়েছে।
বৈঠকে সরকারের কয়েকজন উপদেষ্টাও উপস্থিত ছিলেন বলে জানান এম সাখাওয়াত হোসেন।
আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন এবং ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
আগামী ২ নভেম্বরের মধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/২০১৯ ঘ.
bdnews24