ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভাসমান বিদ্যুত কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ও বিদেশে গ্রেফতার বা হয়রানি না করার আদেশ দুই সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
মামলা দুটির কার্যক্রম স্থগিতের আদেশও আদালত দুই সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে।
শেখ হাসিনার পক্ষে হাইকোর্টের আদেশ বাড়ানোর আবেদনের ওপর শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী আকন্দ।
গত ৫ অক্টোবর বিচারপতি মো. আনোয়ারুল হক ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ ২০ অক্টোবর পর্যন্ত নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় হাসিনাকে দেশে বিদেশে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছিল।
গত ৭ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুত কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার নিম্ন আদালতের কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট।
হাইকোর্ট গত ২৭ সেপ্টেম্বর এ মামলা দুটির কার্যক্রম স্থগিতের ওই আদেশ ১৪ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছিল।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারী খাতে তিনটি ভাসমান বিদ্যুত প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গতবছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে।
এদিকে দুদক গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে।
মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে অবৈধ পন্থায় বিনা দরপত্রে দেয়ায় রাষ্ট্রের ১৩ হাজার ৬ শ ৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় পরে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয় দুদক।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ জুন সাময়িক মুক্তি পেয়ে বিদেশে 'চিকিৎসাধীন' রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৪২৯ ঘ.
bdnews24