চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ বুধবার রাত সাড়ে ১০টার দিকে মেয়র মহিউদ্দিন হাতে পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী হরিসাধন দেব বর্মণ।
আইনজীবী বলেন, মেয়রকে চিকিৎসার প্রয়োজনে ৪৫ দিনের জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। তবে চিকিৎসার পাশাপাশি সৌদি আরবে ওমরাহ পালনের জন্য মেয়র সময় চেয়ে যে আবেদন করেছিলেন তা অনুমোদন করা হয়নি।
গত ৮ অক্টোবর মেয়র মহিউদ্দিন কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই তার পক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা বিদেশে চিকিৎসা, অসুস্থ মেয়েকে দেখতে যাওয়া ও ওমরাহ পালনের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেন।
এর আগে বুধবার বিকেলে চশমা হিলে নিজ বাসায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে মহিউদ্দন চৌধুরী তাকে বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, ব্যাংককে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত মেয়ে ফৌজিয়া টুম্পাকে দেখতে যাওয়ার সরকারের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু এ বিষয়টি বারবার বিলম্বিত করা হচ্ছে।
মেয়র মহিউদ্দিন বলেন, "টুম্পা এখন মৃত্যু পথযাত্রী। অথচ একজন বাবা হয়ে তাকে আমি দেখতে যেতে পারছি না। প্রথমে পাসপোর্ট ফেরত দিতে তিন দিন দেরি করা হয়েছে আর এখন বিদেশ যেতে অনুমতি দেওয়া হচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এসএনডি/এমএইচবি/২২৩৩ ঘ.
bdnews24