ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে দুই নেত্রীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।
সোমবার সকালে মতিঝিলের দিলকুশায় দলের কার্যালয়ে কিশোরগঞ্জ, কুমিল্লা, বরিশাল ও বরগুনা জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন "আগামী নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে হলে শেখ হাসিনা ও খালেদা জিয়ার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।"
নেতাকর্মীদের 'নির্বাচন ও আন্দোলনের জন্য' প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে মিছবাহুর বলেন, "ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠান বানচাল করার জন্য নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে দেশব্যাপী নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে।"
এ সময় অন্যান্যদের মধ্যে সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ইসমাইল জেহাদী, মহাসচিব মনিরুজ্জামান রব্বানী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/২১৪৪ ঘ.
bdnews24