২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি দুর্নীতি মামলায় কাউকেই 'গ্রেপ্তার করতে পারেনি' পুলিশ

জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় পরোয়ানাভুক্ত ৯ আসামির কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রোববার আদালতে জমা দেয়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা এমনই দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় পরোয়ানাভুক্ত ৯ আসামির কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রোববার আদালতে জমা দেয়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা এমনই দাবি করেছেন। পরোয়ানাভুক্ত ৯ আসামির মধ্যে রোববার সন্ধ্যা পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করতে না পারার ব্যাপারে প্রতিবেদন জমা পড়ে। এছাড়া পরোয়ানাভুক্ত আসমি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে গ্রেপ্তার বা হয়রানি না করার ব্যাপারে হাইকোর্টের আদেশ নামা আদালতে জমা দেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা। সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এই ৭ জনকে আদালতে হাজির হওয়ার নিদের্শ দেন এবং এই নির্দেশ অমান্য করা হলে কেন তাদের সম্পত্তি জব্দ করা হবে না তা জানতে চেয়ে আগামী ১৬ অক্টোবরের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দেন। এই ৭ আসামি হলেন- সাবেক সামজকল্যাণ মন্ত্রী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন; সাবেক জ্বালানি সচিব নজরুল ইসলাম; পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক (খনি ও খনিজ) মঈনুল আহসান; বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া চীনা প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট হোসাফ গ্র"পের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার আমিনুল হককে গ্রেপ্তারের আদেশ তামিল সংক্রান্ত কোনো প্রতিবেদন এদিন আদালতে জমা পড়েনি। মুজাহিদকে গ্রেপ্তার করতে না পেরে উত্তরা থানার উপ পরিদর্শক হারুন অর রশিদ তার প্রতিবেদনে বলেন, 'উত্তরায় আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বাড়ির ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।' মঈনুল আহসান ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করতে না পেরে আদালতে প্রতিবেদন পাঠান একই পুলিশ কর্মকর্তা। ওই দুজনের বাড়িও উত্তরা থানা এলাকায়। এ কে এম মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করতে না পেরে প্রতিবেদন পাঠান গুলশান থানার উপ পরিদর্শক ইমতিয়াজ এ কে ভূঁইয়া। এছাড়া কদমতলী থানার উপ পরিদর্শক মাঈনুল আহসান, গুলশান থানার উপপরিদর্শক মাঈনুল জাকির ও মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক আনোয়ারুল ইসলাম তাদের প্রতিবেদনে জানান, সিরাজুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন ও এম আর ওসমানীকে গ্রেপ্তার করা যায়নি। গুলশান থানার উপপরিদর্শক জিহাদ হোসেন তার প্রতিবেদনে বলেন, সাইফুর রহমানকে চার সপ্তাহের মধ্যে গ্রেপ্তার বা হয়রানি না করার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা যায়নি। ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক গত ৬ অক্টোবর এ মামলার ৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদেন জমা দেয়ার জন্য রোববার ছিল নির্ধারিত দিন। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজ একটি চীনা প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার অভিযোগে চলতি বছরের ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়অসহ ১৬ জনকে এ মামলার আসামি করা হয়। দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আবুুল কাশেম ফকির গত ৫ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/জিএনএ/২১২৪ ঘ.