খুলনা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবিলম্বে জরুরি আইন প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার খুলনায় চারদলীয় ঐক্যজোট ও মহানগর বিএনপির আহবায়ক কমিটি আলাদা আলাদা সমাবেশ করেছে।
চট্টগ্রামেও বিএনপির দুটি অংশ এবং জোটের শরিক জামায়াতে ইসলামী আলাদাভাবে এ কর্মসূচি পালন করেছে।
বিকালে খুলনা প্রেসক্লাবে চারদলীয় ঐক্যজোট খুলনা মহানগর ও জেলা শাখা সমাবেশ করে। জোটের যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপির সভাপতি এম নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- আহ্বায়ক ও মহানগর জামায়াতের আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) খুলনা মহানগর আহবায়ক অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, খেলাফত মজলিস খুলনা নগর সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন, জেলা সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, জোটের নগর শাখার সদস্য সচিব ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
এর আগে দুপুর ১২টায় খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে এ কর্মসুচি পালিত হয়। দলীয় কার্যালয়ে নগর বিএনপির সদস্য সচিব সাহারুজ্জামান মোর্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- আব্দুল মালেক, সিরাজুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, মাষ্টার শহিদুল ইসলাম, মিয়া আজিজুর রহমান, নাজমুল হুদা চৌধুরী সাগর, পারভেজ সাজ্জাদ বাবলা, অ্যাডভোকেট তাছলিমা খাতুন ছন্দা প্রমুখ।
জরুরি অবস্থা প্রত্যাহার, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিল, খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে চারদলীয় জোট এ কর্মসূচি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৫ ঘ.
bdnews24