বাগেরহাট, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি হত্যা মামলায় বাগেরহাটের মংলা পৌরসভার মেয়র ও মংলা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোল্লা আব্দুল জলিলকে জেলহাজতে পাঠানে হয়েছে।
রোববার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজিরা দিতে গেলে হাকিম আব্দুস সালাম খান জামিন আবেদন নামঞ্জুর করে আব্দুল জলিলকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
২০০৬ সালে মোরেলগঞ্জের ডেউয়াতলার একটি চিংড়ি ঘের দখলের ঘটনায় ওমর আলী হত্যা মামলায় মেয়র মোল্লা আব্দুল জলিল অতিরিক্ত মূখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালত থেকে অস্থায়ী জামিন পেয়েছিলেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত ৩১ জুলাই এই মামলায় জলিলসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
গত বছর ১৭ এপ্রিল যৌথবাহিনী মোল্লা আব্দুল জলিলকে জরুরি বিধিমালায় আটক করে। দশ মাস জেলহাজতে থাকার পর এ বছর জানুয়ারি মাসে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৩ ঘ.
bdnews24