চট্টগ্রাম, অক্টোবর ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫ দফা দাবিতে চারদলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচি রোববার আলাদাভাবে পালন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এর মধ্যে বিএনপির দুই পক্ষ আবার দুটি স্থানে সমাবেশ করেছে।
আবদুল্লাহ আল নোমান সমর্থক হিসবে পরিচিত বিএনপির একাংশ নগরীর কাজির দেউড়ীতে মহানগর বিএনপি কার্যালয় 'নাসিমন ভবন' প্রাঙ্গণে সমাবেশ করে। মীর নাছির ও সালাহউদ্দিন কাদের চৌধুরী সমর্থক হিসেব পরিচিত অংশটি সমাবেশ করে ষোলশহরের উডল্যান্ড পার্ক কমিউনিটি সেন্টারে।
আর জামায়াতে ইসলামী কোনও সমাবেশে যোগ না দিয়ে দেওয়ানবাজার এলাকায় দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করে।
নাসিমন ভবনের সভায় দেড় হাজারের বেশি এবং ষোলশহরের সভায় তার প্রায় অর্ধেক বিএনপি নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের সভাপতিত্বে নাসিমন ভবনের সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক সাংসদ রোজী কবির।
এতে প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, "দেশে বর্তমানে রাজনৈতিক শূন্যতা চলছে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নয়, রাজনৈতিক দলগুলোকেই এর সমাধান করতে হবে।"
তিনি ঘোষিত সময়ে নির্বাচনের দাবি জানিয়ে জরুরি অবস্থা অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানান।
নোমান বলেন, "বর্তমানে বিএনপিতে আদর্শগত কিংবা ব্যক্তিগত কোনও বিভেদ নেই। আমরা খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ।"
আমির খসরু বলেন, "দেশে গণতন্ত্রের জন্য চারদল ঘোষিত ৫ দফা কার্যকর গুরুত্বপূর্ণ।"
ষোলশহরের সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড কমিশনার শামসুল আলম। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা এরশাদ উল্ল্যাহ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, ডা. শাহাদাত হোসেন ও নাজিমুর রহমান প্রমুখ।
এরশাদ উল্লাহ নিজেদের বিএনপির প্রকৃত অনুসারী দাবি করে অপর অংশের উদ্দেশে বলেন, "দলের দুঃসময়ে যারা দূরে থেকেছে, সংস্কারের পক্ষে সায় দিয়েছে, তারা আবার সুবিধা নেওয়ার চেষ্টা করছে।"
আব্দুস সাত্তার বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের জন্য দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে আহবান জানান।
এর আগে বিএনপির এই অংশ নগরীর কেসিদে রোডে ইসলামিয়া সিটি সেন্টারে সভা করার উদ্যোগ নেয়। একই জায়গায় নোমান সমর্থিত যুবদলও কর্মসূচি পালনের ঘোষণা দিলে সংঘাতের আশঙ্কায় পুলিশ কাউকেই সেখানে সভা করার অনুমতি দেয়নি।
কর্মসূচি আলাদাভাবে পালনের বিষয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শামসুল ইসলাম সাংবাদিকদের বলেন, "সারাদেশে জোটগতভাবে কর্মসূচি পালিত হলেও চট্টগ্রামে বিএনপির দুটি অংশ আলাদা কর্মসূচি পালন করায় আমরা দলীয় কার্যালয়ে পৃথকভাবে কর্মসূচি পালন করি।"
জরুরি অবস্থা প্রত্যাহার, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিল, খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে চারদলীয় জোট এ কর্মসূচি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/১৯০০ ঘ.
bdnews24