২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খনি দুর্নীতি মামলা বাতিলে খালেদার আবেদন, সোমবার শুনানি হতে পারে

বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলা বাতিলের জন্য রোববার হাইকোর্টে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার আইনজীবী বলেছেন, আবেদনটির ওপর সোমবার শুনানি হতে পারে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 08:08 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলা বাতিলের জন্য রোববার হাইকোর্টে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার আইনজীবী বলেছেন, আবেদনটির ওপর সোমবার শুনানি হতে পারে। খালেদার পক্ষে ব্যারিস্টর রফিকুল হক সকালে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে এ আবেদন করেন। দুপুর ২টায় আবেদনটির ওপর শুনানির আবেদন জানান তিনি। কিন্তু আদালত তাকে জানায়, এদিন কেবল ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারায় জামিনের আবেদনের ওপর শুনানি হবে, মামলা বাতিলের আবেদনের ওপর নয়। এরপর রফিক উল হক সাংবাদিকদের বলেন, "আগামীকাল (সোমবার) খালেদা জিয়ার আবেদনটির ওপর শুনানি হবে।" এদিন এ মামলায় খালেদা জিয়ার নিম্ন আদালতে হাজির হওয়ার কথা থাকলেও 'অসুস্থ থাকায়' তিনি আদালতে আসেননি। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজ একটি চীনা প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার অভিযোগে চলতি বছরের ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৬ জনকে এতে আসামি করা হয়। দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আবুুল কাশেম ফকির গত ৫ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/২১৩৫ ঘ.