২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্ট্যাটাসের' কারণে গ্রেপ্তার হচ্ছেন না মুজাহিদ

স্ট্যাটাস' বা সামাজিক মর্যাদার কারণে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ বড় পুকুরিয়া কয়লা খনি মামলার আসামিদের এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। তারপরও তাদের গ্রেপ্তারের 'আইনগত' বিষয়টি 'খতিয়ে দেখা হচ্ছে' জানিয়েছেন পুলিশ কমিশনার নাইম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'স্ট্যাটাস' বা সামাজিক মর্যাদার কারণে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ বড় পুকুরিয়া কয়লা খনি মামলার আসামিদের এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। তারপরও তাদের গ্রেপ্তারের 'আইনগত' বিষয়টি 'খতিয়ে দেখা হচ্ছে' জানিয়েছেন পুলিশ কমিশনার নাইম আহমেদ। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার এ কথা বলেন। ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে সোমবার সাবেক মন্ত্রী সাইফুর রহমান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ব্যারিস্টার আমিনুল হকসহ বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদেন ১২ অক্টোবর (রোববার) আদালতে জমা দেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়। আদালতের নির্দেশের পরও আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ এ মামলার আসামিদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না- এ প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, "স্ট্যাটাস অনুযায়ী সবাইকে সব সময় গ্রেপ্তার করা যায় না। তবে তাদের গ্রেপ্তারের আইনগত দিকটি খতিয়ে দেখা হচ্ছে।" এর আগে কমিশনার পুলিশ কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে প্রতিটি থানা এলাকার অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পরে সাংবাদিকদের তিনি এ বিষয়ে বিস্তারিত জানান। নাইম আহমেদ দাবি করেন, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তবে কিশোর অপরাধীদের তৎপরতা কমেনি। তারা বড় বড় আপরাধীর 'এজেন্ট' হিসেবে কাজ করছে। পুলিশ কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান তিনি। কমিশনার জানান, গত সেপ্টেম্বর মাসে রাজধানীতে বিভিন্ন মামলায় মোট ১৪ হাজার ৫৯০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাদের মধ্যে মাত্র ২ হাজার ২০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১২ হাজার ৩৮১ জনই পলাতক। গত আগস্ট মাসে রাজধানীতে ৩০টি খুন, ১৫টি ডাকাতি, ৫টি শিশু নির্যাতন ও ৬৫টি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। আর সেপ্টেম্বরে ২৫টি খুন, ১১টি ডাকাতি, ১২টি শিশু নির্যাতন ও ৬৯টি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। নাইম আহমেদ বলেন, ঢাকায় আসা বিভিন্ন যানবাহনে অজ্ঞান পার্টি নামে পরিচিত প্রতারকদের কর্মকাণ্ড আসলে শুরু হয় ঢাকা বাইরে। সর্বস্ব লুটে নিয়ে শিকারকে ঢাকার বিভিন্ন স্থানে ফেলে যায় তারা। পুলিশ এদের ধরতে তৎপর রয়েছে দাবি করে তিনি বলেন, যাত্রীরা সতর্ক ও সচেতন না হলে এ সমস্যা পুরোপুরি দূর করা সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/জিএনএ/২০৪৯ ঘ.