ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অসীম বলেন, "লন্ডনে তারেক রহমানের চিকিৎসকের সঙ্গে আমার কথা হয়েছে। একটি হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে।"
তবে 'নিরাপদ চিকিৎসার স্বার্থে' ওই হাসপাতালের নাম প্রকাশে রাজি হননি আইনজীবী।
অবশ্য তারেকের আরেক আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান গত ২৮ সেপ্টেম্বর আভাস দিয়েছিলেন, ঈদের পর তাকে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে ভর্তি করা হতে পারে।
ব্যারিস্টার অসীম জানান, তারেক রহমানকে বিভিন্ন পর্যায়ে একাধিক হাসপাতালে চিকিৎসা নিতে হবে। ইতোমধ্যে লন্ডনের কিংস ওক, হ্যামার স্মিথ, ওয়েলিংটন ও ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালে তার মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন অংশের পরীক্ষা করা হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর রাতে তারেক উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও তার সঙ্গে রয়েছেন। দক্ষিণ লন্ডনের একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে অবস্থান করছেন তারা।
গত বছরের ৭ মার্চ যৌথ বাহিনী তারেককে গ্রেপ্তার করে। মেরুদণ্ড ও কোমরের ব্যথাসহ বিভিন্ন সমস্যার কারণে পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের ১২টি মামলায় জামিন পাওয়ার পর গত ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক।
খালেদা জিয়ার আরেক ছেলে আরাফাত রহমান কোকো ব্যাংকককে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/১৯৩৩ ঘ.
bdnews24