ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন, তার দলে অঙ্গ সংগঠন না থাকলেও 'সহযোগী' সংগঠন থাকবেই।
রাতে নিজের বাসায় সবগুলো 'সহযোগী' সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের জিল্লুর রহমান বলেন, "আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। আমাদের সহযোগী সংগঠন থাকবেই; তবে অঙ্গ সংগঠন থাকবে না।"
তিনি বলেন, "আওয়ামী লীগের সহযোগী সংগঠন কীভাবে থাকবে তা শনিবারের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ঠিক করা হবে।"
আওয়ামী লীগের নয়টি 'সহযোগী' সংগঠন হলো- মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতি লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ।
এর বাইরে যুব মহিলা লীগ কাজ করছে।
জিল্লুর রহমান বলেন, "কার্যনির্বাহী সংসদের বৈঠকে যুব মহিলা লীগকে সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।"
নতুন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে হলে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন করতে হবে এবং নিবন্ধন পেতে হলে কোনও অঙ্গ বা সহযোগী সংগঠন থাকা চলবে না।
এর পরিপ্রেক্ষিতে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "আওয়ামী লীগের কোনও সহযোগী সংগঠন থাকবে না। তারা স্বাধীন হয়ে যাবে।"
আশরাফুলের এই বক্তব্যের পর সহযোগী সংগঠন থাকা না থাকা নিয়ে দলের ভেতরে বিভ্রান্তির সৃষ্টি হয়।
এরপর দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলেন, "আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠন নেই। যা আছে সব সহযোগী সংগঠন। এদের সহযোগী হিসাবে না রাখার বিধান কোনোভাবেই গ্রহণ করবে না আওয়ামী লীগ।"
জবাবে প্রধান নির্বাচন কমিশনার এটি এম শামসুল হুদা দলের গঠনতন্ত্রে কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের নাম না রাখার জন্য আওয়ামী লীগকে পরামর্শ দেন। বর্তমানে থাকা 'সহযোগী' সংগঠনগুলো স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালাতে পারবে এমন একটি বাক্যও গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করতে বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরবি/জেকে/এমএইচবি/২১৪৯ ঘ.
bdnews24