২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপির সাবেক সাংসদ স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চাঁদা দাবি ও মারধরের অভিযোগে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

বরিশাল, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা দাবি ও মারধরের অভিযোগে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলায় বিএনপির আরও ১২ কর্মী-সমর্থককেও আসামি করা হয়েছে। গৌরনদী উপজেলা যুবদলের সহ-সভাপতি মিঠু তালুকদার রোববার বরিশালের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন। হাকিম দেবাশীষ নাগ অভিযোগ আমলে নিয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তা এজাহার হিসেবে নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন। অপর আসামিরা হলেন- গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর মৃধা, স্বপনের সহকারী ব্যক্তিগত সচিব কামরুজ্জামান খোকন, অলক সেলিম, শামীম খলিফা, জাকির শরীফ, হান্নান শরীফ, জাকির হোসেন রাজা, আনোয়ার হোসেন বাদল, ফরহাদ শরীফ, ফুয়াদ হোসেন এ্যানী, আকবর হোসেন ও শহীদ ঘরামী। মামলার অভিযোগে বলা হয়, গত ৩ অক্টোবর শুক্রবার মিঠু তালুকদার গৌরনদী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জহির উদ্দিন স্বপন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা তাকে বেদম মারধর করেন। এতে মিঠু গুরুতর আহত হন। বর্তমানে তিনি নিজের বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে জহির উদ্দিন স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা ভিত্তিহীন। অভিযোগ সঠিক নয়।" মামলার খবরে বিস্মিত হয়েছেন বলেও জানান স্বপন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৭ ঘ.