রংপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত বিএনপি জোট সরকারের খাদ্য ও ত্রাণ উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর রংপুর শহরের গোমস্তপাড়া মহল্লার বাড়ির প্রধান ফটকে সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ টাঙিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বাড়িতে তাকে না পেয়ে বৃহস্পতিবার দুপুরে এই নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
আগামী ৭ কার্যদিবসের মধ্যে সম্পত্তির হিসাব দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়ার জন্য নোটিশে বলা হয়।
সন্দেহভাজন দুর্নীতিবাজের তালিকাভুক্ত লালমনিরহাট সদর আসনের সাবেক সাংসদ ও উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সম্পত্তির বিষয়ে খোঁজখবর নিতে শুরু করে দুর্নীতি দমন কমিশন। তদন্তকালে তার আয় বর্হিভূত অর্ধশত কোটি টাকার অবৈধ সম্পত্তির সন্ধান পাওয়া যায়। পরে সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন।
দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে আসা দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা দুলুর বাড়িতে যান। সেখানে তাকে বা পরিবারের কাউকেই পাওয়া যায়নি। পুরো বাড়িটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে ওই কর্মকর্তা স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার বাড়ির প্রধান ফটকে নোটিশ টাঙিয়ে দেন।
এ ব্যাপারে রংপুরে অবস্থিত দুর্নীতি দমন কমিশনের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আকতার হোসেন জানান, ঢাকার প্রধান কার্যালয় থেকে একজন কর্মকর্তা এসে তাকে না পেয়ে এই নোটিশ টাঙিয়ে দিয়েছেন। তবে তিনি ওই কর্মকর্তার নাম ও পদমর্যাদা জানাননি।
বর্তমান তত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর দুলু পলাতক। চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে লালমনিরহাট থানায় আটটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24