ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার বিচার কার্যক্রম বুধবার সকাল ১১ টা ১৫ মিনিট পর্যন্ত মূলতবি করা হয়েছে।
আদালতের নির্দেশের পরও কেনো শেখ হাসিনা ও শেখ সেলিমের সঙ্গে তাদের আইনজীবীরা দেখা করতে পারেননি তা আদালতের কাছে জানতে চান হাসিনার আইনজীবীরা। এ সময় তারা সাক্ষ্যগ্রহন মূলতবি করার প্রস্তাব দিলে সকাল ১১ টা ১৫ মিনিট পর্যন্ত মূলতবি করার নির্দেশ দেয় আদালত।
আদালতের আদেশ কেনো মানা হলো না তা জানানোর জন্য কারা কর্তৃপক্ষকে এ সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমকে বুধবার সকাল ১০ টায় সংসদ ভবনে মহানগর দায়রা জজের বিশেষ এজলাসে হাজির করা হয়।
এছাড়া আদালতে হাজির হয়েছেন কানাডিয়ান আইনজীবী ড. পায়েম আকাভান। শেখ হাসিনার হয়ে আইনি লড়াইয়ের জন্য কানাডিয়ান এ আইনজীবী সোমবার ঢাকা আসেন।
হাইকোর্টের আদেশে এ মামলার বিচারকাজ ১২ দিন বন্ধ থাকার পর বুধবার সকালে তা শুরু হওয়ার কথা। এর আগে গত ২৪ জানুয়ারি মামলাটির বিচার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশটি স্থগিত করে দেয় আপিল বিভাগ।
১৭ জানুয়ারি হাইকোর্ট শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করার বৈধতার প্রশ্নে ইতোপূর্বে জারি করা রুলনিশির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার বিচার কার্যক্রম স্থগিত করেছিল।
গত বছর ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করে শেখ হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি এ মামলায় মহানগর দায়রা জজ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
এ আগে এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিটের পরিপ্রেক্ষিতে ৩০ জুলাই প্রথমবাবের মতো মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/ইএইচবি/জিএনএ/১০৩০ ঘ.
bdnews24