ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আজম জে চৌধুরীর বক্তব্যের পরও শেখ হাসিনাকে আটকে রাখা অন্যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। একইসঙ্গে বৃহস্পতিবার তিনি অভিযোগ করেছেন, "আওয়ামী লীগ সভানেত্রীকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন রাখার জন্যই এ মামলায় তাকে জড়ানো হয়েছে।"
বিকেলে রাজধানীর গুলশানে নিজের বাসায় দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অর্থ গ্রহণ অনুষ্ঠানে জিল্লুর এসব কথা বলেন।
এর আগে সকালে আজম জে চৌধুরী সাংবাদিকদের বলেন, "আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা করিনি। মামলা করেছি শেখ সেলিমের বিরুদ্ধে। শেখ হাসিনাকে কীভাবে মামলায় জড়ানো হয়েছে তা আমি জানি না।"
তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জিল্লুর রহমান বলেন, "আমরা প্রথম থেকেই বলে আসছি, শেখ হাসিনা সম্পূর্ণ নির্দোষ। ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।"
জিল্লুর আরো বলেন, "আজম জে চৌধুরী যা বলেছেন তাতেই প্রমাণিত হয় যে আমাদের কথাই ঠিক। এটা অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের আর অসত্যের বিরুদ্ধে সত্যের জয়। শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা এটাই আজ প্রমাণ হলো।"
আওয়ামী লীগের ত্রাণ তহবিলে অর্থ গ্রহণ অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, নাজমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩১ জানুয়ারির পর কেন্দ্রীয় ত্রাণ তহবিলের জন্য আওয়ামী লীগ আর কোনো অর্থ নেবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএ/১৯১৮ ঘ.
bdnews24