ঢাকা, জানুয়ারি ২২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সরকারের আচরণ 'অমার্জনীয়' বলে মন্তব্য করেছেন বিএনপির দেলোয়ারপন্থী অংশের নেতা রিজভী আহমেদ।
তিনি বলেছেন, একই অভিযোগে শিক্ষকদের এক মামলায় খালাস এবং অপর মামলায় দণ্ড দেওয়ার ঘটনায় প্রমাণ হলো, বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ রয়েছে।
তিনি আগস্টের ছাত্র বিক্ষোভের সব মামলার আসামিদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। একই সঙ্গে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ পবনের ওপর পুলিশি নির্যাতনেরও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বিএনপির একাংশের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ মঙ্গলবার রাজধানীর শ্যামলীর আদাবরে নিজ বাসায় সাংবাদিকদের বলেন, "শিক্ষকদের দণ্ড দিয়ে মঙ্গলবার যে রায় হয়েছে, তাতে বিশ্ববিদ্যালয়কে অপমানিত করা হয়েছে।"
তার দাবি, শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের এবং দণ্ড দেওয়ার ঘটনা ইঙ্গিত দেয়, বিশ্ববিদ্যালয়ে বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
তিনি বলেন, "শিক্ষক-শিক্ষার্থীদের কারাদণ্ড দেওয়া এবং পরে রাষ্ট্রপতির ক্ষমা করে দেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে জাতির বিবেককে অপমানিত করা হয়েছে।"
বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ারের ছেলে আখতার হামিদ পবনকে পুনরায় গ্রেপ্তারে ক্ষোভ প্রকাশ করেন রিজভী আহমেদ।
তিনি অভিযোগ করেন, "ছেলে পবনকে নির্যাতন করে মহাসচিবকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা হচ্ছে।"
একটি অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসার পরপরই পবনকে গ্রেপ্তার করে পুলিশ। লালবাগ থানার উপ-পরিদর্শক সাকিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পবনকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।
পবনকে নির্যাতন করা হয়েছে অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, "সরকারের এ আচরণ সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। অত্যাচার-নির্যাতন করে জাতীয়তাবাদী শক্তিকে শেষ করা যাবে না।"
তিনি কারাবন্দি খালেদা জিয়া এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানেরও নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সংবাদ ব্রিফিঙে অধ্যক্ষ সোহরাব উদ্দিন, হাবিব উন নবী খান সোহেল, মহিউদ্দিন খান মোহন, মনির হোসেন, আশরাফুর রহমান, আতিকুল্লাহ আতিক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমএ/১৬২৩ঘ.
bdnews24