২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

দুর্নীতির মামলায় বিএনপি নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও তার স্ত্রী হাসিনা আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় বিএনপি নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও তার স্ত্রী হাসিনা আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-১০ এর বিচারক একেএম আরিফুর রহমান এ অভিযোগ গঠন করেন। আগামী ১৫ জানুয়ারি এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষে ৮৭ জনকে সাক্ষী করা হয়েছে। সালাউদ্দীন কারাবন্দী থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছেন। একইদিন সংসদ ভবনের আরেকটি আদালত এক কোটি টাকা ঘুষ নেওয়ার অপরাধে সালাউদ্দিন আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়। ১৪ জুন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শফিকুল ইসলাম বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা কমিশনের দাখিল করা হিসাব বিবরণীতে ৫৭ লাখ ২১ হাজার ৫৫২ টাকার সম্পত্তি গোপন করেছেন। একই সঙ্গে জ্ঞাত আয়ের বাইরে আরও ৪ কোটি ৫ লাখ ৫০ হাজার ৬৩৮ টাকার সম্পত্তি অর্জন করেছেন। স্বামীকে সহযোগিতা করার অভিযোগে হাসিনা আহমেদকে এ মামলায় আসামি করা হয়েছে। গত বছরের ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যদের যে তালিকা প্রকাশ করে তাতে সালাহউদ্দিনের নামও ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৯৩৯ ঘ.