২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় টিভি মামলায় সরকারি দুই কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

বেসরকারি টেলিভিশন কেন্দ্র বিজয় টিভি মামলায় পলাতক আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোক্তার আলমের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি (গেজেট নোটিফিকেশন) প্রকাশ না করায় দুই সরকারি কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 01:07 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টেলিভিশন কেন্দ্র বিজয় টিভি মামলায় পলাতক আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোক্তার আলমের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি (গেজেট নোটিফিকেশন) প্রকাশ না করায় দুই সরকারি কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম সোলায়মান আগামী ৯ জানুয়ারি তাদের হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। এ সময় মামলার অপর দুই আসামি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরী হাজির ছিলেন। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে দায়িত্বপ্রাপ্ত এই দুই কর্মকর্তা হলেন- বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের ঢাকা কার্যালয়ের উপ-নিয়ন্ত্রক একেএম রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ফর্ম ও প্রকাশনা, তেজগাঁও কার্যালয়ের উপ-নিয়ন্ত্রক আখতার হোসেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজয় টিভি মামলার পলাতক আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোক্তার আলমের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ না করায় আদালত দুই কর্মকর্তাকে হাজির হয়ে কারণ দর্শাতে বলেছে। তিনি জানান, গেজেট নোটিফিকেশন প্রকাশিত না হওয়ায় এ মামলার বিচার কাজ শুরু হয়নি। আদালত ৬ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চট্টগ্রামের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরেফ সিদ্দিকী গত ২৭ মে কোতয়ালী থানায় সিটি কর্পোরেশনের তহবিল ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৯০২ ঘ.