ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়ায় হাইকোর্টের রায়কে ন্যায় বিচারের প্রথম ধাপের বিজয় বলে আখ্যায়িত করেছেন বিএনপির খালেদাপন্থী অংশের নেতা আ স ম হান্নান শাহ। অন্যদিকে বিষয়টি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখিয়ে দলের অন্য অংশের নেতারা বলেছেন, "এটা আইনের বিষয়।"
গ্যাটকো দুর্নীতি মামলা নিয়ে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার হাইকোর্টের একটি বেঞ্চ খালেদা জিয়ার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। একই সঙ্গে মামলার কার্যক্রম স্থগিত করা হয়।
এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হান্নান শাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা ন্যায় বিচারের প্রথম ধাপের বিজয়। যেহেতু খালেদা জিয়া নির্দোষ, তাই মামলায় রায় কার্যকর হবে- এটাই নেতা-কর্মীদের প্রত্যাশা।"
মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হান্নান শাহ বলেন, "দলের সব নেতা-কর্মী তার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাতে চায়।"
হান্নান শাহ আশা প্রকাশ করেন, দলের চেয়ারপার্সন মুক্ত হয়ে আবার নেতা-কর্মীদের মাঝে ফিরে আসবেন।
মহাখালীর ডিওএইচএসের বাসায় হান্নান শাহ সাংবাদিকদের বলেন, "প্রধান উপদেষ্টা বিলম্বে হলেও বুঝতে পেরেছেন দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন। আমরা চাই, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার।"
এদিকে হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় দলের 'সংস্কারপন্থী' অংশের নেতা এ এইচ এম মোফাজ্জল করীম ও আশরাফ হোসেন বলেন, "এটা আইনের বিষয়। পুরো বিষয়টি সম্পর্কে কিছুই জানি না। তাই এখনই মন্তব্য করার সময় আসেনি।"
আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই মামলার বিষয়টি ফয়সালা হবে বলে মন্তব্য করেন তারা।
রোববার দুপুরে গুলশানে ন্যাম ফ্ল্যাটে মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোফাজ্জল করীম সাংবাদিকদের আরো বলেন, "আমরা আশা করি, সরকার ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেবে। তাহলে আমরা দলের কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাব।"
গ্যাটকো দুর্নীতির অভিযোগে গত ২ সেপ্টেম্বর মামলা দায়েরের পরদিন খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে শহীদ মইনুল সড়কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এসকে/১৬১৪ঘ.
bdnews24