২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার ঘুষ মামলাও জরুরি ক্ষমতা বিধিমালায়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির দমন কমিশনের দায়ের করা দুর্নীতি মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। বুধবার এ মামলায় শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তিনটিই জরুরি ক্ষমতা বিধিমালায় নেওয়া হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির দমন কমিশনের দায়ের করা দুর্নীতি মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। বুধবার এ মামলায় শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তিনটিই জরুরি ক্ষমতা বিধিমালায় নেওয়া হলো। জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় মামলার বিচারকাজ ১২০ কার্যদিবসে শেষ করতে হবে। অভিযুক্ত জামিন আবেদন করতে পারবেন না এবং তাকে বিচারকাজ চলার সময় আদালতে উপস্থিত থাকতে হবে। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিং এ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সচিব মো. মোখলেস উর রহমান জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা কমিশনের উপপরিচালক মোরশেদ আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাটি জুররি ক্ষমতা বিধিমালার আওতায় নেওয়ার জন্য কমিশন অনুমোদন দিয়েছে। তিনি জানান, তদন্তকারী কর্মকর্তা তার আবেদনে মামলাটি জনগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বলে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের স্বার্থে জরুরি ক্ষমতা বিধিমালার অন্তর্ভূক্ত করার আবেদন জানিয়েছেন। কমিশন মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ব্যবসায়ী আজম জে চৌধুরী ও তাজুল ইসলামের দায়ের করা চাঁদাবাজির দুটি মামলা জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বর্তমানে দুটি রিট আবেদনই হাইকোর্টে বিচারাধীন। গত ২ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক এসএম শাব্বির হাসান তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, শেখ হাসিনাসহ সাতজন খুলনা, শিকলবাহা ও হরিপুর বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামের স্থানীয় প্রতিনিধি সামিট গ্র"প ও ইউনাইটেড গ্রুপের কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। এই টাকা শেখ হাসিনা বঙ্গবন্ধু ট্রাস্টের নামে বাড়ি কেনার জন্য নেন বলেও মামলায় অভিযোগ করা হয়। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরউদ্দীন মাহমুদ কামাল, সামিট ইন্ডাস্ট্রিজ এন্ড মার্কেন্টাইল করপোরেশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ আজিজ খান, একই কোম্পানির পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ। মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেওয়ার বৈধতা হাইকোর্টে চ্যালেঞ্জ হতে পারে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শেখ হাসিনার আইনজীবী সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যরিস্টার শফিক আহমেদ। তিনি মিগ-২৯ ক্রয় সহ হাইকোর্টে বিচারাধীন শেখ হাসিনার তিনটি দুর্নীতি মামলা খারিজ আবেদন পরিচালনাকারী প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবীও। ব্যরিস্টার শফিক বলেন, "প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।" প্যানেলর অপর সদস্য অ্যাডভোকেট স ম রেজাউল করিম বলেন, "উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতাভুক্ত করা হয়েছে। যাতে শেখ হাসিনা স্বাভাবিক বিচার প্রক্রিয়ার সুযোগ গ্রহণ ও আত্মপক্ষ সমর্থন করতে না পারেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমএসবি/জিএনএ/২০৩০ ঘ.