ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাজনৈতিক দলের নিবন্ধন শেষ হওয়ার পর দলগুলোকে স্থায়ীভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
ছহুল হোসাইন বলেন, "বর্তমান আইন অনুযায়ী কোনো দলের জন্য বিশেষ কোনো প্রতীক সংরক্ষণ করা নেই। মনোনয়নপত্র দাখিলের পর যখন কে কোন দলের প্রার্থী তা চূড়ান্ত হয়ে যায়, তখন দল এবং প্রার্থীর পছন্দ অনুযায়ী প্রতীক সংরক্ষণ করা হয়।"
তিনি জানান, এতদিন প্রচলিত রীতি অনুযায়ী দলগুলোকে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এখন যেহেতু দলের নিবন্ধনের প্রশ্ন দাঁড়িয়েছে, তাই দলগুলোকে স্থায়ীভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নিবন্ধন সংক্রান্ত আইন চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন দলের আবেদন অনুযায়ী প্রতীক বরাদ্দ করা হবে বলে জানান তিনি।
প্রতীক বরাদ্দের ক্ষেত্রে প্রচলিত নিয়মের বাইরে কমিশন কিছু করবে কি না জানতে চাইলে কমিশনার বলেন, "অতীতে আওয়ামী লীগ 'নৌকা' বা বিএনপি 'ধানের শীষ' ব্যবহার করেছে। এমনিভাবে যদি কোন দল তাদের পুরনো প্রতীকের জন্য আবেদন করে, অবশ্যই সেটা বিবেচনা করা হবে।" তবে একই প্রতীকের জন্য যদি একাধিক দল আবেদন করে, সেক্ষেত্রে কমিশন বসে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
বিভক্ত দলগুলোকে কিভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, "কোনো দল যদি ভাগ হয়ে একই প্রতীকের জন্য আবেদন করে সেক্ষেত্রে যেটি দলের মূলধারা বলে বিবেচিত হবে, সেই দলকেই প্রতীক দেওয়া হবে। তবে আমরা আশা করবো, বিবাদমান দলের নেতারা নিজেদের মধ্যেই আলাপ - আলোচনার করে এ ধরনের সমস্যার সমাধান করবেন।"
তিনি জানান, ১৯৭২ সালের নির্বাচন পরিচালনা বিধিমালার ৯ নম্বর ধারায় জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেড়শটি প্রতীক বরাদ্দ রয়েছে। এই তালিকা থেকে ধর্মীয় বিবেচনায় তলোয়ার, মিনার, উট, ও বইসহ পাঁচ/ছয়টি প্রতীক বাদ দেওয়া হচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে ছহুল হোসাইন জানান, জামায়াত 'দাঁড়িপাল্লা' প্রতীকের জন্য আবেদন করলে প্রচলিত রীতির প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে সেই প্রতীকই দিতে হবে।
তবে অন্যান্য দলের কাছ থেকে যদি এ বিষয়ে ব্যাপক আপত্তি ওঠে, সেটিও বিবেচনা করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এমএ/১৭৪৮ ঘ.
bdnews24