ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার ৪০ হাজার হজযাত্রী সৌদি আরবে আনা নেওয়া করবে। আর সাউদিয়া বহন করবে ১০ হাজার হজযাত্রী।
সোমবার আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে জানানো হয়, এরই মধ্যে সৌদি সরকার বিমানকে তিনটি উড়োজাহাজে হজ ফ্লাইট চালানোর জন্য মোট ৯৯ টি 'স্লট' দিয়েছে। আগামী ১২ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হজ ফ্লাইট চলবে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে।
ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মতিউর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আলতাফ আলী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আতিউর রহমানসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে হজ এজেন্সিজ অব বাংলাদেশ (হাব) এর দাবি নিয়েও আলোচনা হয়েছে। হজযাত্রীদের মাল্টিপল ভিসা দেওয়ার দাবি জানিয়েছে হাব। এ ছাড়াও ব্যালটি হাজীদের মতো নন ব্যালটি হাজীদেরও মিনায় অবস্থান করার সুযোগ দেওয়ার দাবি জানায় সংগঠনটি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/বিআর/এমএসবি/এমএ/১৯৪৮ ঘ.
bdnews24