২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোন্দল দলকে নির্জীব করে: জিল্লুর রহমান

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, কোন্দল দলকে শক্তিশালী নয়,বরং নির্জীব করে। সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং তাঁর মুক্তির প্রশ্নে দলের সবাই ঐক্যবদ্ধ বলেও তিনি মন্তব্য করেছেন। বৃহস্পতিবার গুলশানের বাসভবনে সাংবাদিকদের জিল্লুর রহমান এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, কোন্দল দলকে শক্তিশালী নয়,বরং নির্জীব করে। সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং তাঁর মুক্তির প্রশ্নে দলের সবাই ঐক্যবদ্ধ বলেও তিনি মন্তব্য করেছেন। বৃহস্পতিবার গুলশানের বাসভবনে সাংবাদিকদের জিল্লুর রহমান এ কথা বলেন। জিল্লুর এসময় বুধবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে কয়েকজন নেতার সঙ্গে কর্মী সমর্থকদের অসৌজন্যমূলক আচরণেরও তীব্র নিন্দা করেন। দলের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "এ ধরণের ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এর সঙ্গে দলের কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হবে।" জিল্লুর রহমান বলেন, "যারা ওই ঘটনা ঘটিয়েছে, তারা সকলেই অপরিচিত। এরপরেও আগামিতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে সে জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সচেতন হওয়া প্রয়োজন। আমরা অসৌজন্যমূলক এবং অসাংবিধানিক কোনো আচরণকে প্রশ্রয় দেবো না।" প্রচলিত গুঞ্জন অনুযায়ী দলের একটি সহযোগী সংগঠনের পলাতক দুজন শীর্ষ নেতার মদদেই এই ঘটনা ঘটেছে কি না, তা জানতে চাইলে জিল্লুর রহমান বলেন, "এ জন্য কেউ চিহ্নিত হলে দলের আইন - শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "যারা ওই ঘটনা ঘটিয়েছে, তারাই বলতে পারবে, কেন এ ধরণের আচরণ করা হলো।" জিল্লুর রহমান জানান তিনি নিজে অসৌজন্যমূলক আচরণের শিকার নেতাদের খোঁজ - খবর নিয়েছেন । এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/বিআর/এসকে/১৭২০ ঘ.