ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ওয়েস্টমন্ট পাওয়ার (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান মালিক তাজুল ইসলাম ফারুকের দায়ের করা মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে ।
এর আগে গত ১২ আগস্ট এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল। তবে ওই দিন প্রতিবেদন দাখিল করা হয়নি।
মামলাটি তদন্ত করছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জানে আলম। এ মামলায় এজাহারনামায় আসামি হিসেবে শেখ হাসিনা ও তার ব্যক্তিগত কর্মচারি মানু মজুমদারের নাম রয়েছে।
নিয়ম অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা হয় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করবেন, নয়তো আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন।
৯ এপ্রিল শেখ হাসিনার বিরুদ্ধে তিন কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ এনে তাজুল ইসলাম ফারুক তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএইচ/১২৪০ ঘ.
bdnews24