ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-সংসদ ভবনের পৃথক তিনটি বিশেষ জজ আদালত দুর্নীতি ও কর ফাঁকির অভিযোগে তিনটি মামলার রায় দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছে।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ ও তার স্ত্রী মনিকা দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার রায় দেওয়া হবে আগামী ২৬ আগস্ট।
বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম রায় দেওয়ার এ তারিখ নির্ধারণ করেন।
পংকজ দম্পতির বিরুদ্ধে প্রায় ৬৫ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ উপায়ে সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়েছে।
একই আদালত সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা আয়কর ফাঁকির মামলায় রায় দেওয়ার জন্য আগামী ২২ আগস্ট দিন ধার্য করেছেন।
আসামি মাহবুবা সুলতানা পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই বিচারকাজ চলে।
এদিকে বিশেষ জজ আদালত- ৪ এর বিচারক সামসুন্নাহার বেগম সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া হায়দারের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে চারটি মামলায় রায় দেওয়ার জন্য আগামী ২৩ আগস্ট দিন ধার্য করেছেন।
এ মামলার আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই বিচার কাজ শেষ হয়।
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবীর একতরফা যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায় দেওয়ার এ দিন নির্ধারণ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৭২৪ ঘ.
bdnews24