ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার দিতে 'ভোটার তালিকা অধ্যাদেশ, ২০০৭' এ সংশোধনী আনা হচ্ছে।
নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন বৃহস্পতিবার একথা জানান।
এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভোটার তালিকায় সংশোধনী এনে ওই অধ্যাদেশটি জারি করেন।
নির্বাচন কমিশনার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "ভোটার তালিকার অধ্যাদেশে সংশোধনী এনে প্রবাসীদের ভোটাধিকার দেওয়া হবে। এ বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা আগেও কথা বলেছি, আবারো আলোচনা চালাবো। প্রতিটি বাংলাদেশ দূতাবাসে ডেস্ক খুলে প্রবাসীদের অবহিত করা হবে। তারা দূতাবাসে এসে ভোটার হবেন। কারণ প্রবাসীদের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা তৈরি সম্ভব হবে না।"
প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার বিষয়ে বিভিন্ন পত্রিকায় 'বিভ্রান্তিকর সংবাদ' প্রকাশ হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, "প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। বিদেশ থেকে তারাও এ বিষয়ে টেলিফোন করে তাদের আগ্রহের কথা জানাচ্ছেন। তাদের এই দেশপ্রেমটা আমাদের ধরে রাখতে হবে।"
কমিশনার বলেন, "নির্বাচনী সংস্কার আইনের খসড়া এ মাসেই আমরা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দেবো। সেপ্টেম্বর আসতে এখনো অনেক দেরি। যে রোডম্যাপ আমরা দিয়েছি, আশা করি সে অনুযায়ীই আগামী মাসে দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারবো। দলগুলোর উদ্দেশে আমি বলতে চাই, আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি। এখন আপনারা প্রস্তুতি নিন।"
স
bdnews24