ঢাকা, আগষ্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জরুরি অবস্থার বিধিনিষেধের মধ্যেই আপামর মানুষ শোক আর শ্রদ্ধায় স্মরণ করেছে স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ফুলে ফুলে ভরে গিয়েছিল টুঙ্গিপাড়ায় সমাধি আর ধানমন্ডিতে তার প্রতিকৃতিস্থল। বঙ্গবন্ধুর ৩২তম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও সর্বস্তরের মানুষ একইসঙ্গে স্মরণ করেছে ১৫ আগস্টের সেই ভোরে নিহত তার পরিবারের সদস্য ও নিরাপত্তাকর্মীদের। কড়া নিরাপত্তাবলয় পেরিয়ে বনানী কবরস্থানে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সারিবদ্ধ কবরে ফুল দিতেও ছিল মানুষের ভিড়। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানরা।
সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। এর আগে ভোরে বঙ্গবন্ধু ভবনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করার পাশাপাশি উত্তোলিত হয় কালো পতাকা।
সকালে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ এবং তিন বাহিনীর প্রধান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। (আরও তথ্যসহ-২)
১৯৭৫ সালের এই দিনে কিছু রাজনীতিকের সঙ্গে হাত মিলিয়ে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, দুই পুত্রবধু সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধু অনুজ শেখ নাসের, বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত, রিন্টু, ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্ণেল জামিলসহ কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের হত্যা করে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, মতিয়া চোধুরী, মুকুল বোস, আব্দুল মান্নান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদসহ দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা পূর্বঘোষিত কর্মসূিচর দশ মিনিট আগেই সকাল আটটা ৫০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশেষ কারাগারে রোজা রেখেছেন বলে সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কারা উপ মহাপরিদর্শক সামসুল হায়দার সিদ্দিকী।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত কলঙ্কজনক একটি দিন। এই দিনটিতে আমাদের একটাই দাবি, বঙ্গবন্ধুকে যেন তার প্রাপ্য মর্যাদা দেওয়া হয়।"
কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), গণফোরাম, বাংলাদেশ বার কাউন্সিল, পেশাজীবী সমন্বয় পরিষদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, মুক্তিযোদ্ধা পরিষদ, বঙ্গবন্ধু পরিষদসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন, থানা ও ওয়ার্ড শাখার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করা হয়।
জরুরি অবস্থার কারণে একসঙ্গে মাত্র ২০ জন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়া যাবে বলে সরকারের পক্ষ থেকে শর্তারোপ করা হলেও তা শেষ পর্যন্ত কার্যকর করা হয়নি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে যান তাকে শ্রদ্ধা জানাতে। এসময় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা। ৩২ নম্বর সড়কের দু'প্রান্তেই স্থাপন করা হয় কাঁটাতারের ব্যারিকেড । সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় । মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ। ৩২ নম্বর সড়কের পূর্ব পাশে কাঁটাতারের ব্যারিকেডের সামনে মেটাল ডিটেক্টর আর্চওয়ে বসানো হয়। নেতা-কর্মীরা সড়কের পূর্ব দিক দিয়ে প্রবেশ করে পশ্চিম দিক দিয়ে বের হন।
শ্রদ্ধা নিবেদনের পর কাউকেই খুব বেশিক্ষণ বঙ্গবন্ধু ভবনের সামনে দাঁড়াতে দেওয়া হয়নি। বঙ্গবন্ধু জাদুঘরের
bdnews24