ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ব্যবসায়ী নূর আলীর চাঁদাবাজি মামলায় জামিন ও সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেনি সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। তবে ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলায় শেখ হাসিনার জামিন স্থগিতের আপিল বিভাগের আদেশের মেয়াদ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
এদিকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর জামিন স্থগিতের আবেদন নাকচ করে দেয় আপিল বিভাগ। শেখ হাসিনার দুইটি ও মিন্টুর একটি মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারকে বুধবার দুপুরের মধ্যে নিয়মিত আপিল দায়ের করতে বলা হয়েছে। সবগুলো আপিলেরই শুনানির জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছে সুপ্রিমকোর্ট।
মঙ্গলবার সকাল ৯টা ২২ মিনিটে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য সরকারের আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানির পর এসব আদেশ দেন। শুনানিতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, ব্যবসায়ী আজম জে চৌধুরীর মামলায় হাসিনার জামিন আপিল বিভাগ স্থগিত করেছিল। আজ মঙ্গলবার সে স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে। তিনি স্থগিতাদেশ বাড়ানোর আবেদন জানান।
আদালত বলেন, ১৪ই আগস্টের মধ্যে এ মামলায় নিয়মিত আপিল দায়েরের জন্য সুপ্রিমকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল। সে আদেশ কেন মানা হয়নি। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সোমবারেই এই নিয়মিত আপিল দায়ের করেছে সরকার। আপিল বিভাগের আদেশ অনুযায়ী হাসিনার রিটের দুই পক্ষই হাইকোর্ট চূড়ান্ত শুনানির জন্য পদক্ষেপ নিয়েছে। রিটটি হাইকোর্টের কার্যতালিকায় শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে। আদালতের আদেশ মানা হয়নি বলে সুপ্রিমকোর্টের কার্যতালিকায় যে কথা লেখা আছে সেটা ঠিক নয়।
আদালত বলেন, বুধবারের মধ্যে এই মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়ের করতে হবে। বৃহস্পতিবার পর্যন্ত এ মামলায় হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হল।
নূর আলীর মামলায় শেখ হাসিনাকে দেয়া জামিন এবং দুদকের নোটিশের কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিতের সরকারের দু'টি আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, গত ৭ আগস্ট হাসিনার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তার অনুলিপি সরকার সোমবার হাতে পেয়েছে। সরকার হাইকোর্টের আদেশের পরপরই তা স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন জানিয়েছে। গত রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত এ দু'টির শুনানির জন্য সুপ্রিমকোর্টের পূর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছিল। এই দু'টি মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার নিয়মিত আপিল করবে। সেই নিয়মিত আপিলের শুনানির নিস্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন করছি।
আদালত ৭ আগস্টের আদেশের বিরুদ্ধে এখনও নিয়মিত আপিল করা হয়নি কেন- এ প্রশ্ন করলে জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আগামী রোববার এই আপিল দায়ের করা হবে। আদালত বলেন, আগামীকাল বুধবার দুপুরের মধ্যেই সরকারকে আবেদন দায়ের করতে হবে। বৃহস্পতিবার এর ওপর শুনানি হবে।
অ্যাটর্নি জেনারেল ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর ক্ষেত্রেও একই আবেদন জানান। তবে আদালত মিন্টুর জামিন স্থগিত না করে নিয়মিত আপিল করার নির্দেশ দেন।
আবেদনগুলোর ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণের পর আদালত এসব আদেশ দেন। আদেশে বলেন, আজম জে চৌধুরীর মামলায় হাসিনার জামিন স্থগিতের মেয়াদ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হল। হাসিনা ও মিন্টুর জামিন এবং হাসিনার দুদকের নোর্টিশ স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের করা আবেদনের বিষয়ে কোন আদেশ দেয়া হচ্ছেনা। তবে হাইকোর্টের আদেশ তিনটির বিরুদ্ধে বুধবার দুপুরের মধ্যে নিয়মিত আপিল করতে হবে। এর শুনানি হবে বৃহস্পতিবার।
এ আদেশের পর শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার তিনটি সহ চারটি মামলার শুনানি হয়েছে। তার মধ্যে আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলায় স্থগিতাদেশ বাড়ানো হয়েছে। বাকিগুলোতে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিমকোর্ট।
শেখ হাসিনার অপর কৌসুলি ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, নূর আলীর মামলায় শেখ হাসিনার জামিন ও দুদকের নোর্টিশের কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত না করায় হাইকোর্টের আদেশ বহাল রয়েছে।
সরকার পক্ষের প্রধান কৌসুলি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল সাংবাদিকদের বলেন, কেবল আজম জে চৌধুরীর মামলায় স্থগিতাদেশ দিয়েছে আদালত। অন্য তিনটি মামলায় স্থগিতাদেশ না দিয়ে নিয়মিত আপিল দায়ের করতে বলেছে আপিল বিভাগ। বুধবারের মধ্যে এ আপিল দায়ের করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৩০৪ ঘ.
bdnews24