ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান বলেছেন, দলের মধ্যকার অনিয়ম, দুর্নীতি, পরিবারতন্ত্র ও একনায়কতন্ত্র থেকে বেরিয়ে আসতে না পারলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। দলকে রক্ষা করতেই এখন শুদ্ধি অভিযানের প্রক্রিয়া চলছে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বন্যা দুর্গতদের ত্রাণ দিতে এসে এলজিইডি রেস্টহাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
মাহাবুবুর রহমান বলেন, দেশের অর্ধেক এখন পানির নিচে। মানুষের দুর্ভোগের শেষ নেই। এখন বন্যা নিয়ে রাজনীতি না করে মানবতার সেবায় সবার এগিয়ে আসা দরকার।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, "খালেদা জিয়া ও মান্নান ভুইয়া দুজনেই সংস্কার চান। এ বিষয়ে সবকিছু ঠিক হবে কাউন্সিলের মাধ্যমে। তবে দলের মধ্যে যে অনিয়ম, দুর্নীতি, পরিবারতন্ত্র, একনায়কতন্ত্র রয়েছে তা থেকে বেরিয়ে আসতে না পারলে আমরা ধ্বংস হয়ে যাব।"
পরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ও কসবা উপজেলার কালামুরিয়া গ্রামের বন্যার্তদের মাঝে চিড়া, গুড়, পানি ও বিস্কুট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এহসানুল কবির, কৃষক দলের সহ সভাপতি আবু তাহের, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ এমরানুর রেজা প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এসকে/২০৪০ ঘ.
bdnews24