২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ কর্মকর্তাদের মূল্যায়ন খবর উড়িয়ে দিল সরকার

শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের যোগ্যতা ও সততা নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে বলে অন্তত দুটি পত্রিকায় প্রকাশিত খবর নাকচ করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে এধরনের খবরের সত্যতা নেই জানিয়ে সরকার বলেছে,"প্রকাশিত সংবাদে সচিব, ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিবদের নামের তালিকাসহ যে মূল্যায়ন প্রতিবেদন তৈরির কথা বলা হয়েছে এবং যে সব তথ্য পরিবেশন করা হয়েছে, তা মোটেই বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক নয়। সরকার এ জাতীয় কোনো পদক্ষেপ গ্রহন করেনি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 06:49 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের যোগ্যতা ও সততা নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে বলে অন্তত দুটি পত্রিকায় প্রকাশিত খবর নাকচ করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে এধরনের খবরের সত্যতা নেই জানিয়ে সরকার বলেছে,"প্রকাশিত সংবাদে সচিব, ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিবদের নামের তালিকাসহ যে মূল্যায়ন প্রতিবেদন তৈরির কথা বলা হয়েছে এবং যে সব তথ্য পরিবেশন করা হয়েছে, তা মোটেই বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক নয়। সরকার এ জাতীয় কোনো পদক্ষেপ গ্রহন করেনি।" এধরনের সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানিয়ে সরকার বলেছে,"এ মর্মে সরকার আশাবাদ পোষণ করে যে, সংশ্লিষ্ট সংবাদপত্র সমূহ নৈর্ব্যক্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট হবে এবং এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবে।" সরকারের ভাষায় 'বিভ্রান্তিকর' সংবাদগুলোতে দেখা গেছে, নজিরবিহীনভাবে সরকারি কর্মকর্তাদের নাম ধরে ধরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে তাদের যোগ্যতা, মান ও সত্যতার 'মূল্যায়ন' করা হয়েছে। 'কতিপয় সংবাদপত্রে' খবরগুলো ছাপা হয়েছে বলে তথ্যবিবরণীতে জানানো হলেও খোঁজ নিয়ে জানা গেছে, নয়াদিগন্ত ও আমার দেশ পত্রিকায় এধরনের সংবাদ প্রকাশিত হয়েছে। এধরনের কোনো উদ্যোগ সরকারের নেয়নি --পরিষ্কার এতথ্য জানিয়ে তথ্যবিবরণীতে বলা হয়, "সরকার দৃঢভাবে বিশ্বাস করে যে, প্রজাতন্ত্রের শীর্ষ কর্মকর্তাগণ দক্ষতা, সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব পালন করছেন ও করবেন।" ওই তথ্যবিরণীতে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে 'কয়েকটি' পত্রিকার তোলা দলীয়করণের অভিযোগও 'ভিত্তিহীন' দাবি করে সরকার বলেছে, 'একটি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কোন প্রকার দলীয়করণের সুযোগ নেই'। সরকার দাবি করেছে, 'চাকুরিকালীন কর্ম সম্পাদনের মুল্যায়ন ও সরকারের বিভিন্ন সংস্থা কর্তৃক রচিত কর্মকর্তাদের সততা, যোগ্যতা ও নিরপেক্ষতা সর্ম্পকিত প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক ও উচ্চতর সকল পদে নিয়োগ দেওয়া হয়েছে।' বিগত জোট সরকারের নিয়োগ দেওয়া কয়েকজন জেলাপ্রশাসক এখনো রয়ে গেছে জানিয়ে সরকার বলছে,"বর্তমানে কর্মরত ৬৪ জন জেলা প্রশাসকের মধ্যে মাত্র ১৩ জন একটি উচ্চ পর্যায়ের সচিব কমিটি কর্তৃক প্রতিযোগিতামূলকভাবে নির্বাচিত হয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়োজিত হয়েছেন। বাকী ৫১ জন পূর্ববর্তী সরকারের সময় হতে নিয়োজিত আছেন। তাদের বেশকয়েকজন রাজনৈতিক সরকারের আমল থেকেই কর্মরত।" নয়াদিগন্ত ও আমার দেশ পত্রিকার খবরগুলোতে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার প্রশাসনকে দূর্নীতিমুক্ত, দক্ষ ও গতিশীল করার লক্ষ্যে প্রজাতন্ত্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের 'সততা ও যোগ্যতার নিরিখে একটি মূল্যায়ন প্রতিবেদন' তৈরি করেছে। প্রতিবেদনে সচিব, ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিবদের 'দক্ষতা, যোগ্যতা ও সততার' প্রশ্নে তাদের কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। পত্রিকা দুটির প্রতিবেদনে বলা হয়েছে, কথিত প্রতিবেদনটি 'এখন পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে'। সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করে অজানা সূত্রকে উদ্ধৃত করে নয়াদিগন্তের খবরে বলা হয়েছে, "সরকার মনে করছে বেসামরিক প্রশাসন বর্তমানে নৈতিকতার অবক্ষয়, দূর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে প্রশ্নের সম্মুখীন। এ অবস্থা অব্যাহত থাকলে প্রশাসন ব্যবস্থা জনগণের আস্থা হারাবে। এ থেকে মুক্তি লাভের জন্য এবং জনগণের আস্থা সমুন্নত রাখতে দক্ষ, সৎ, কর্মঠ ও যোগ্য কর্মকর্তাদের মূল্যায়ন করা আবশ্যক।" এতে বলা হয়, মোট ৯১ জন সচিব, ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিবের 'যোগ্যতা ও দক্ষতার' ব্যাপারে প্রতিবেদনটিতে 'সুনির্দিষ্ট' মন্তব্য করা হয়েছে। সরকারের 'বিভিন্ন গোয়েন্দা ও অন্য সংস্থার সঙ্গে সমন্বয়ে তৈরী করা ওই প্রতিবেদনে' কর্মকর্তাদের সততা, যোগ্যতা, দক্ষতা ও কর্মতৎপরতাসহ অন্যান্য 'দোষ-গুণের' ব্যাপারে মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে, কথিত প্রতিবেদনটিতে মোট ৩৯ জন কর্মকর্তার তিনটি গুণ গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করা হয়। বাকী ৫২ জনের মধ্যে সাতজনকে 'মধ্যম মানের' বলে মন্তব্য করা হয়েছে। সততা, দক্ষতা ও যোগ্যতা থাকলেও 'সততা প্রশ্নাতীত নয়' বলে মন্তব্য করা হয়েছে ১৬ জনের ব্যাপারে। সৎ ও দক্ষ কিন্তু 'অন্য দোষ' রয়েছে এমন মন্তব্য করা হয়েছে আটজনের ব্যাপারে। বাকী আটজনেরও 'বিভিন্ন দোষ-ত্র"টির' কথা বলা হয়েছে। পত্রিকাটি বলছে,"প্রতিবেদনে যাদের দক্ষতা, যোগ্যতা ও সততার প্রশ্নে সার্বিকভাবে গ্রহণযোগ্য পর্যায়ে বলা হয়েছে'-- তারা হলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আবদুর রশীদ সরকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মোহাম্মদ জোবায়ের, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব একেএম জাফরউল্লাহ খান, পিএটিসির রেক্টর আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া, ধর্ম সচিব আতাউর রহমান, সমাজকল্যাণ সচিব আব্দুল হাই হাওলাদার, জ্বালানী ও খণিজ সম্পদ বিভাগের সচিব এএমএম নাসির উদ্দিন, নৌ-পরিবহন সচিব শেখ এনায়েতউল্লাহ, আইএমইডি সচিব শেখ একে মোতাহার হোসেন, জাতীয় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব এটিএম আতাউর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আব্দুল মতিন চৌধুরী, নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হুমায়ুন কবির, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল হাসান মো. রেজাউল করিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোশারফ হোসেন ভূঁইয়া, অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ তারেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সচিব জহরুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব বদিউর রহমান, ওএসডি সচিব কামাল উদ্দিন আহমেদ, বিসিএস প্রশাসন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দেলোয়ার হোসেন, বিটিভির মহাপরিচালক ওয়াজেদ আলী খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহসীন, সাধারণ বীমার ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আইয়ুব মিয়া, বিটিএমসির চেয়ারম্যান শরিফুল আলম, এনআইএলজির মহাপরিচালক আরফান আলী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মনিরুল ইসলাম, প্রধান বীমা নিয়ন্ত্রক ড. মাহফুজুল হক, সরকারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক আবুল হাসেম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সৈযদ নকিব মুসলিম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. খন্দকার রাশেদুল হক, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদ হোসেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিকিউকে মুশতাক আহমেদ, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিজেএমসির চেয়ারম্যান আতাহারুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল আলম তরফদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফজলুর রহমান ও বিএফডিসি'র চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। যাদের শুধু 'মধ্যম মানের' কর্মকর্তা বলা হয়েছে, তারা হচ্ছেন- বিনিয়োগে বোর্ডের নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএসইসির চেয়ারম্যান আবু জাফর, ওএসডি অতিরিক্ত সচিব ফিরোজ কিবরিয়া, ভূমি আপীল বোর্ডের নেপাল চন্দ্র সরকার, এনজিও ব্যুরোর মো. আলিমুশ্বান, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং বিসিসির নির্বাহী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের 'সততা নেই এবং সরাসরি দুর্নীতিবাজ ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত' বলা হয়েছে, তারা হচ্ছেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শেখ ওয়াহিদুজ্জামান, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ধীরাজ মালাকার, পূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এএসএম রশিদুল হাই, ওএসডি সচিব এসএম জাফরউল্লাহ, ওএসডি সচিব শহীদ আলম, ওএসডি সচিব এএফএম মতিউর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. সাবাহউদ্দিন, ওএসডি অতিরিক্ত সচিব ড. একেএম হেলালুজ্জামান, পল্লী বিদ্যুতের চেয়ারম্যান হাবিবুল্লাহ মজুমদার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ হাসিনুর রহমান, তাঁত বোর্ডের চেয়ারম্যান আবদুল হাকিম মন্ডল, বিসিআইসির চেয়ারম্যান মোখলেসুর রহমান এবং কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক আবদুল মালেক। যারা 'দক্ষ, কর্মঠ হওয়া সত্ত্বেও তাদের সততা প্রশ্নাতীত নয়' বলে মন্তব্য করা হয়েছে, তারা হলেন- কৃষি সচিব আবদুল আজিজ, বেসরকারিকরণ কমিশনের সদস্য মিয়া মুশতাক আহমদ, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান, তথ্য সচিব দিদারুল আনোয়ার, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. গোলাম মোস্তফা তালুকদার, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোসলেহ উদ্দিন, বিমান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শেখ আলতাফ আলী, পরিকল্পনা কমিশনের সদস্য এহসানুল ফাত্তাহ, প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মান্নান হাওলাদার, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এটিএম ফজলুল করিম, বিআরটিসির চেয়ারম্যান আবদুর রাজ্জাক, জ্বালানী বিভাগের অতিরিক্ত ওয়াহিদুন্নবী চৌধুরী, বগুড়া আরডিএ'র মহাপরিচালক মিহির কান্তি মজুমদার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জামিল ওসমান। যাদের সততা ও দক্ষতা থাকলেও 'অন্য ত্র"টি রয়েছে' বলে মন্তব্য করা হয়েছে, তারা হলেন- রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সিরাজুল ইসলাম, সংস্থাপন সচিব আবদুস সালাম খান, সংস্কৃতি সচিব ড. আবদুল হক চৌধুরী, শিক্ষা সচিব মমতাজুল ইসলাম, ইআরডির অতিরিক্ত সচিব শাহেদুল হক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমকে/জিএনএ/২৩০০ ঘ.