ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- প্রাথমিক শিক্ষা থেকে আদিবাসী শিশুদের ঝরে পড়ার হার বাড়ছে আশঙ্কাজনকভাবে । আদিবাসী নেতাদের মতে, মাতৃভাষায় পাঠদান না হওয়াই এর প্রধান কারণ। ভাষাগত সমস্যার কারণে উত্তরবঙ্গে মাত্র পাঁচ শতাংশ সাঁওতাল শিশু প্রাথমিক শিক্ষা শেষ করতে পারে।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় আদিবাসী নেতারা এ কথা বলেন। 'মাতৃভাষা ও সংস্কৃতির অধিকার, আদিবাসীর মানবাধিকার' শীর্ষক এ মতবিনিময় সভায় আদিবাসী নেতারা ছাড়াও কয়েকজন সাংবাদিক অংশ নেন।
'আদিবাসী অধিকার আন্দোলনের' উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক বজলুর রহমান। বক্তব্য রাখেন আদিবাসী নেতা সঞ্জীব দ্রং, রবীন্দ্রনাথ সরেন, চৈতালী ত্রিপুরা, ফাদার জোসেফ গোমেজ, অধ্যাপক মেজবাহ কামাল, সাংবাদিক সানাউল্লাহ লাভলু, গোলাম মোর্তজা প্রমুখ।
সঞ্জীব দ্রং বলেন, আদিবাসী শিশুর মাতৃভাষায় পাঠ লাভের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মৌলিক মানবাধিকার। শিশুর মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তির বিকাশের জন্যও এটি প্রয়োজন। কিন্তু এদেশের আদিবাসী শিশুরা এ অধিকার থেকে বঞ্চিত।
তিনি সরকারি উদ্যোগে অন্তত প্রাথমিক শিক্ষায় মাতৃভাষায় পাঠদান প্রক্রিয়া চালু করার দাবি জানান।
রবীন্দ্রনাথ সরেন বলেন, উত্তরবঙ্গে আদিবাসী শিশুদের বেশিরভাগই ভাষাগত সমস্যার কারণে প্রাথমিক বিদ্যালয়ের চৌকাঠ ডিঙাতে পারে না বলে সাঁওতালরা নিজস্ব উদ্যোগে দুটি আদিবাসী ভাষার প্রাথমিক বিদ্যালয় চালাচ্ছে। কিন্তু এই উদ্যোগ যথেষ্ট নয়। সারাদেশের আদিবাসীদের নিজ ভাষায় শিক্ষাদানের জন্য প্রয়োজন সরকারি উদ্যোগ।
বক্তারা বলেন, জমিজমা হারিয়ে আদিবাসীরা বিলুপ্তির মুখে। জীবনের তাগিদের অনেক আদিবাসী সীমানা পেরিয়ে বিদেশে পাড়ি জমাতে বাধ্য হচ্ছেন।
তারা আরো বলেন, ভূমি কমিশনকে সক্রিয় করাসহ পার্বত্য শান্তিচুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করায় পার্বত্যাঞ্চলে জমিজমার বিরোধ বাড়ছে। পার্বত্য সমস্যা দিন দিন আরো জটিল হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৮৫৬ ঘ.
bdnews24