ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির 'সংস্কারপন্থী'দের বিরুদ্ধে দলের চেয়ারপারসনের উপদেষ্টা হান্নান শাহের কড়া সমালোচনার জবাব দিয়েছেন মান্নান ভূঁইয়া অনুসারীরা।
দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন বলেছেন, হান্নান শাহের বক্তব্য রাজনৈতিক নয়। এ ধরনের বক্তব্য দলে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টি করছে।
সোমবার দুপুরে গুলশানের বাসায় দলীয় মহাসচিবের সঙ্গে দেখা করার পর আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, "সংস্কারের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা দলের জন্য মঙ্গলজনক নন।"
বিএনপির সবাই সংস্কার চান দাবি করে তিনি বলেন, "তারাও তো সংস্কার চান, তা না চাইলে তারা কি সনাতনপন্থী?"
হান্নান শাহের বক্তব্যের সমালোচনা করে আশরাফ হোসেন আরও বলেন, "তার বক্তব্য রাজনৈতিক নয়। আমরা দলকে সময়োপযোগী এবং আরো গণতান্ত্রিক করার জন্য একটি খসড়া প্রস্তাব দিয়েছি। কাউন্সিলররা বিবেচনা করবেন কোনটি ভাল বা কোনটি মন্দ। দলের চেয়ারপারসনও সংস্কার চান। অথচ এখন সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে কেউ কেউ কথা বলে দলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। বিএনপির মতো বড় দলের ঐক্যের ক্ষেত্রে এটি ভাল কিছু নয়।"
প্রসঙ্গত, হান্নান শাহ রোববার সিলেটে সাংবাদিকদের বলেন, "সংস্কার নিয়ে এককভাবে সিদ্ধান্ত গ্রহণকারীদের সংশোধন হতে হবে। এটি না হলে তাদের দল থেকে বহিষ্কারের প্রস্তাব করা হবে। "
বহিষ্কার প্রক্রিয়া আগামী কাউন্সিলের আগেই শেষ হবে জানিয়ে তিনি বলেন, "যারা তওবার মাধ্যমে ভুল স্বীকার করবেন তারা দলে কাজ করতে পারবেন।''
এদিকে, বিএনপি মহাসচিবের সঙ্গে সোমবার ফ্রান্স, সুইজারল্যান্ড ও হলান্ডের বিএনপি শাখার নেতারা দেখা করে একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন আশরাফ হোসেন। তিনি বলেন, মান্নান ভূঁইয়ার সংস্কার প্রস্তাব সংশোধনীসহ পুস্তিকা আকারে প্রকাশ করা হবে। সেখানে দলীয় চেয়ারপারসন ও মহাসচিব পদে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত কারো থাকার প্রস্তাব থাকবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/বিআর/এসএনডি/ ১৬০০ ঘ.
bdnews24