ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- 'ভয়ের কিছু নেই' এভাবেই আব্দুল জলিলের অবস্থা সম্পর্কে এক বাক্যে বললেন চিকিৎসকরা। আর কারারূদ্ধ শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসক।
ড. ওয়াজেদ মিয়া এখনও শেখ হাসিনার গ্রেপ্তারের খবর জানেন না বলে চিকিৎসকরা জানিয়েছেন ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলকে রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কারা প্রকোষ্ঠ থেকে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়। উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও কিডনির সমস্যায় আক্রান্ত জলিল কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. মতিউর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
ডা. মতিউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আবদুল জলিলের রক্তচাপ খুব ওঠা-নামা করছে এবং মাঝে মাঝে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ কারণে মাঝে মাঝে তার বুকে ব্যাথা হচ্ছে। কিডনি সমস্যারও তেমন উন্নতি হচ্ছে না।
ডা. রহমান বলেন, "অনেক দিন থেকে তিনি এসব অসুখ পুষে রেখেছেন। টেনশনের কারণে সমস্যাগুলো আরও বেড়েছে। তবে যে পরিস্থিতিতে তাকে এখানে আনা হয়েছিল, তখনকার চেয়ে অবস্থা ভাল। অনেকটা স্থিতিশীল বলা যায়। ভয়ের কিছূ নেই।"
একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শেখ হাসিনার স্বামী বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া। তিনি গত সোমবার এ হাসপাতালে ভর্তি হন। কার্ডিওলজি বিভাগেরই সিনিয়র বিশেষজ্ঞ ডা. এপিএম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ওয়াজেদ মিয়া।
বুধবার সন্ধ্যায় ড. সোহরাবুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওনার অবস্থা এখন তুলনামূলক স্থিতিশীল। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির সমস্যা ও মানসিক অবসাদসহ বিভিন্ন রোগে ভুগছেন।"
ড. সোহরাবুজ্জামান জানান, ওয়াজেদ মিয়া এখনও তার স্ত্রী শেখ হাসিনার গ্রেপ্তারের খবর জানেন না। স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবের আশংকায় খবরটি তাকে জানানো হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১১৫ঘ.
bdnews24