ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সংস্কার আন্দোলনের এক সেমিনারে বক্তারা শীর্ষ দূর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেন, ''দুর্নীতিবাজ শীর্ষ ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া গেলে দেশ থেকে দুর্নীতি দূর হবে না। ছয় মাস কিংবা এক বছর তাদের কারারুদ্ধ করে রাখলে কোনো লাভ হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।''
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংস্কার আন্দোলনের উদ্যোগে ' দূর্নীতি দমন অভিযানের অবিস্মরনীয় অধ্যায় ও অনুকরনীয় কর্তব্য ' শীর্ষক সেমিনারে প্রস্তাবিত নতুন দলের নেতারা বক্তব্য রাখেন। রেজাউল করীম তালুকদারের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক ছাত্রনেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ারুল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফেরদৌস আহমেদ কোরেশী দুই শীর্ষ রাজনৈতিক দলকে দুর্নীতির জন্য দায়ী করে বলেন, তাদের দূর্নীতির কথা শুনলে স্তম্ভিত হতে হয়। এদের শীর্ষ পর্যায়ের নেতা-নেত্রীরা এমনভাবে দূর্নীতিতে জড়িয়ে পড়েছেন যে দেশকে রাহুমুক্ত করতে ১১ জানুয়ারির নীরব বিপ্লব সংগঠিত হয়েছিল। তিনি শীর্ষ দূর্নীতিবাজদের কঠোর শাস্তি দাবি করেন।
ফেরদৌস কোরেশী রাজনৈতিক দলগুলোকে সরকারী অনুদান দেওয়ার প্রস্তাব রেখে বলেন, "ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়। এই নীতি আমাদের দেশেও চালু করা উচিত, তাহলে রাজনৈতিক দলগুলোর চাঁদাবাজি বন্ধ হবে। "
সাবেক প্রতিমন্ত্রী নূর মোহাম্মদ খান ছাত্র রাজনীতি অবিলম্বে বন্ধের দাবি করেন। তিনি একই সঙ্গে '৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সংশোধন করে শিক্ষক রাজনীতি বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানান। নূর মোহাম্মদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওই অধ্যাদেশের বলে শিক্ষাঙ্গনের ছাত্র-ছাত্রীদের রাজনৈতিক কোচিং দিয়ে থাকেন। এটা বন্ধ করতে হবে।
সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী জাতীয় সংসদকে কার্যকর করতে সংবিধান সংশোধনের ওপর গুরুত্বরোপ করে বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে। সাংসদদের কথা বলার সুযোগ করে দিতে হবে।
সাবেক ছাত্রনেতা ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন বলেন, জরুরি অবস্থা-পরবর্তী পরিস্থিতি পুরনো রাজনীতি বাদ দিয়ে নুতন রাজনৈতিক ধারার সূচনা করার সুযোগ এনেছে। দূর্নীতিবাজদের বিরুদ্ধে অবিরাম যুদ্ধ অব্যাহত রাখতে হবে। সংসদে যোগ্য ও সৎ মানুষদের জনপ্রতিনিধি হিসেবে আনার ক্ষেত্র তৈরি করা চাই।
এ ছাড়া সাবেক ছাত্রনেতা সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট ফজলুর রহমান, সাংবাদিক সাদেক খান, এরশাদ মজুমদার, এলাহী নেওয়াজ খান, গাজীউল হাসান খান ও চলচ্চিত্রকার কাজী হায়াতও সেমিনারে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসি/এসকে/এমএইচবি/১৮৫০ ঘ.
bdnews24