২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের কথা বললে ষড়যন্ত্র হয় না: ইনাম চৌধুরী

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রাইভেটাইজেশান কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বলেছেন, সংস্কারের কথা বললে ষড়যন্ত্র হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 11:20 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রাইভেটাইজেশান কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বলেছেন, সংস্কারের কথা বললে ষড়যন্ত্র হয় না। বুধবার দুপুরে গুলশানে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন,"আমরা কোনো হুকুমি সংস্কার নয়, প্রয়োজনের তাগিদেই দলের ভেতরে সংস্কার চাই। সংস্কারের গন্তব্য হচ্ছে কাউন্সিল।'' তিনি দাবি করেন, এতো দিন দলীয় ফোরামে কথা বলতে দেয়া হয়নি বলে সংস্কারের বিষয়ে কথা বলতে পারেননি। তিনি দলীয় চেয়ারপারসনের ' দল ভাঙার' অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, "এটি তাঁর ব্যক্তিগত মত হতে পারে। আমরা দলকে আরো গণতান্ত্রিক করতে গঠনতন্ত্রে সংশোধন আনতে চাই। সংস্কার করা অগঠনতান্ত্রিক কিছু নয়।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের চেয়ারপারসনের অনুমতি নিয়ে কাউন্সিল আহবান করা হবে। চেয়ারপারসনের আরেক উপদেষ্টা সাবেক সচিব এ এইচ এম মোফাজ্জল করিম সাংবাদিকদের বলেন, বিএনপি কোনোভাবে বিভক্ত হবে না। দল ভাঙার কেউ ষড়যন্ত্র করছে না। দলীয় চেয়ারপারসনের সঙ্গে যোগাযোগ আছে কিনা জানতে চাইলে মোফাজ্জল করিম বলেন, "জটিল পরিস্থিতির কারণে আমাদের সঙ্গে চেয়ারপারসনের যোগাযোগ হচ্ছে না। তবে চেয়ারপারসনকে সংস্কার সর্ম্পকে ভুল বুঝানো হচ্ছে। এ সংস্কার নিয়ে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে তা দূর হয়ে গেছে।" এদিকে বুধবার মান্নান ভূঁইয়ার সঙ্গে ঝিনাইদহ, বরিশাল, সিলেট,বগুড়া দিনাজপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী নোয়াখালী, কুমিল্লার কয়েকজন সাবেক দলীয় সাংসদ ও জেলা নেতা সাক্ষাৎ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৬৫০ ঘ.