২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংস্কারের প্রস্তাব করেছেন 'নতুন দলের' সংগঠকরা

রাজধানীতে বৃহস্পতিবার এক সেমিনারে সংবিধানের আমূল সংস্কারের প্রস্তাব করেছেন এক দল রাজনীতিক। তারা একই সঙ্গে অবিলম্বে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের দাবি জানান। কাজী ফিরোজ রশীদ, তাজুল ইসলাম চৌধুরী , আবুল হাসান চৌধুরী ,আনোয়ারুল হক প্রমুখ এসব রাজনীতিক বেশ কিছুদিন ধরে গণমাধ্যমের কাছে নতুন একটি রাজনৈতিক দলগঠনের প্রক্রিয়ায় যুক্ত আছেন বলে জানিয়ে আসছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ সংস্কার আন্দোলনের ব্যানারে 'গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ এবং সংস্কারের অপরিহার্যতা' শীর্ষক সেমিনারে বক্তারা একসুরে দেশের সংবিধান সংস্কার করার কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 09:27 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বৃহস্পতিবার এক সেমিনারে সংবিধানের আমূল সংস্কারের প্রস্তাব করেছেন এক দল রাজনীতিক। তারা একই সঙ্গে অবিলম্বে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের দাবি জানান। কাজী ফিরোজ রশীদ, তাজুল ইসলাম চৌধুরী , আবুল হাসান চৌধুরী ,আনোয়ারুল হক প্রমুখ এসব রাজনীতিক বেশ কিছুদিন ধরে গণমাধ্যমের কাছে নতুন একটি রাজনৈতিক দলগঠনের প্রক্রিয়ায় যুক্ত আছেন বলে জানিয়ে আসছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ সংস্কার আন্দোলনের ব্যানারে 'গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ এবং সংস্কারের অপরিহার্যতা' শীর্ষক সেমিনারে বক্তারা একসুরে দেশের সংবিধান সংস্কার করার কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ারুল হক। সভাপতিত্ব করেন রেজাউল করীম তালুকদার। সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী দেশের বর্তমান সংবিধান সংস্কারের প্রস্তাব করে বলেন, "কোনো ব্যক্তি বিশেষ বা কয়েকজনকে সরানোর জন্য সংস্কার হলে তাতে দুর্নীতি দূর হবে না। গত ১৫ বছরের দুর্নীতির জন্য ঢালাওভাবে রাজনীতিবিদের দায়ী করার সমালোচনা করে তিনি বলেন, '' শুধু রাজনীতিবিদদের জেলে পাঠালে সংকটের সমাধান হবে না। দুর্নীতির সঙ্গে অন্য যেসব ব্যক্তি জড়িত তাদেরও ধরতে হবে। মূল জায়গায় হাত না দিলে সংস্কারের এই কার্যক্রম ব্যর্থ হবে।'' সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ বলেন, "দুর্নীতির জন্য কী কেবল রাজনীতিবিদরাই দায়ী? আইনজীবী, বুদ্ধিজীবী, চিকিৎসক, সাংবাদিক, চলচ্চিত্রকার ও শিক্ষকরা কী দুর্নীতির সঙ্গে জড়িত নন? তিনি বলেন, ১১ জানুয়ারি আমাদের যে নতুন পথের সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাকে সফল করতে হলে রাজনীতিবিদদের ঢালাওভাবে দোষী করলে চলবে না। যারা সত্যিকারভাবে দুর্নীতিগ্রস্ত তাদের অবশ্যই বিচার হতে হবে।'' তিনি দেশের জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের দাবিও জানান। সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী সংসদকে কার্যকর করতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল ও একজন দল নিরপেক্ষ ব্যক্তিকে স্পিকার নির্বাচনের প্রস্তাব করে বলেন, ''৭১--এ মুক্তিযুদ্ধ বিজয়ের মাধ্যমে বাঙালিরা অসম্ভবকে সম্ভবে পরিণত করেছে। তেমনি ১১ জানুয়ারির পটপরিবর্তনের সফলতার মাধ্যমে বাংলাদেশকে একটি সম্ভাবনার স্থানে নিয়ে যাওয়ার এখন সময় এসেছে। এই কাজে আমাদের সকলকে এক হতে হবে।'' সাবেক প্রতিমন্ত্রী নূর মোহাম্মদ খান ১১ জানুয়ারির পর জরুরি অবস্থা পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ''হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ১৫ বছর গণতন্ত্রের নামে দেশে রাম রাজত্ব কায়েম করা হয়েছিল। ১১ জানুয়ারি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশকে একটি নিশ্চিত গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে। আমূল সংস্কারের মাধ্যমে ১৫ বছরের সেই সংঘর্ষপূর্ন রাজনীতির চির অবসান ঘটাতে হবে।'' সেমিনারে আরো বক্তব্য রাখেন চলচ্চিত্রকার কাজী হায়াত, অ্যাডভোকেট আবদুল খালেক মন্ডল, জয়নাল আবেদীন জুয়েল ও লুৎফর রহমান আলমগীর প্রমূখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৫১৫ ঘ.