ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে দাঁতের চিকিৎসার জন্য কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে পাঁচটায় র্যাব ও পুলিশের কড়া পাহারার মধ্যে তাকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়। টুকুর স্ত্রী, ছেলে ও মেয়েও একই কারাগারে অন্তরীণ আছেন।
কারা উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দাঁতের চিকিৎসার জন্য টুকুকে কাশিমপুর থেকে ঢাকায় আনা হয়েছে। তাকে কারাগারের কর্ণফুলী ব্লকে রাখা হয়েছে।
তিনি আরো জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হবে। এজন্য দুই বা তিন দিন সময় লাগতে পারে।
যৌথবাহিনী গত ৩ ফেব্র"য়ারি ইকবাল মাহমুদ টুকুকে গ্রেপ্তার করে।
গত মঙ্গলবার তার স্ত্রী রোমানা মাহমুদ টুকু ও মেয়ে সারা হাসিন মাহমুদকেও গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই টুকুর ছেলে আবেদ হাসান মাহমুদ মহ্নাগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। টুকুর স্ত্রী ও মেয়ে মহিলা ওয়ার্ডে এবং ছেলে কাঠালচাঁপা ওয়ার্ডে অন্তরীণ রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএমইচবি/২২৩৫ ঘ.
bdnews24