খুলনা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ত্রাণের টিন আত্মসাত করে মাদ্রাসায় লাগানোর অভিযোগে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ আলী আসগর লবীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
রোববার সন্ধ্যায় বটিয়াঘাটা থানার উপপরিদর্শক সাঈদুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ইউসুফিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতিসহ ১৩ জনকে আসামী করা হয়েছে।
একইদিন দুপুরে ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে চালে লাগানো ৯০ টি ঢেউটিন উদ্ধার করে যৌথবাহিনী।
বটিয়াঘাটা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ খান জানান, দুপুর আড়াইটার দিকে বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া গ্রামে লবীর দাদার নামে স্থাপিত ইউসুফিয়া দাখিল মাদ্রাসায় অভিযান চালায় যৌথবাহিনী।
ওই সময় মাদ্রাসার চালে ত্রাণের ৯০টি ঢেউটিন সনাক্ত করে ওই টিনগুলো মাদ্রাসার সুপার মুফতি এমদাদুল হকের জিম্মায় রাখা হয়। পরে মামলাটি দায়ের করা হয়।
মামলার অন্য আসামীরা হলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জি এম ওয়াজেদ, সহ-সভাপতি আব্দুর রহমান সানা, সাধারণ সম্পাদক কবীর খান, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল খান, কমিটির সদস্য আব্দুল বারেক, রফিকুল আমিন, আব্দুল খালেক, বেলায়েত হোসেন, আইয়ুব আলী, হাফেজ আব্দুল হালিম, মো. মামুন ও মো. আরাফাত।
গত এপ্রিল মাসে গ্রেপ্তার হয়ে আলী আসগর লবী এখন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলার রায়ের দিন ধার্য হয়েছে আগামী ৫ জুলাই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১০২ ঘ.
bdnews24