ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রায় তিন কোটি টাকা চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে দুই দিনের রিমান্ডে নিয়েছে গুলশান থানা পুলিশ।
এই মামলার তদন্ত কর্মকর্তা ওবায়দুল হক রোববার সেলিমকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মূখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চান। সোমবার দুপুর সাড়ে ১২টায় শুনানি শেষে মহানগর হাকিম সেলিনা আক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসময় শেখ সেলিমের আইনজীবী সাহারা খাতুন ও কামরুল ইসলাম সেলিমের অসুস্থতার কথা জানালে আদালত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
গত ১৩ জুন ইস্ট কোস্ট ট্রেডিং গ্র"পের সত্ত্বাধিকারী আজম জে চৌধুরী দুই কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শত টাকা চাঁদা আদায়ের অভিযোগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলা করেন।
গত ২৯ মে যৌথবাহিনী শেখ ফজলুল করিম সেলিমকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচএস/জেকে/এমএইচবি/২০৫৭ ঘ.
bdnews24