ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার পেছনে কোনো যুক্তি দেখছেন না বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিস। পাশাপাশি
যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের জন্যও তাগিদ দিয়েছেন তিনি।
বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে বিউটেনিস ঘরোয়া রাজনীতি ও নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কথা বলেন।
সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, "ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার পেছনে আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। ঘরোয়া রাজনীতি চালু রেখেও দুর্নীতিবাজ ও দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া যেতে পারে।"
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "অতীতের রাজনৈতিক সহিংসতার জন্য রাজনৈতিক দলগুলো দায়ী হলেও তারাই গণতন্ত্রের প্রধান নিয়ামক"।
একইসঙ্গে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "নির্বাচন কমিশন ১৮ মাসের মধ্যে ভোটার তালিকা এবং ২০০৮ সালের শেষের দিকে নির্বাচনের কথা বলছে। আমি মনে করি, তারা ঠিক পথেই আছে। তবে কমিশনের কাজের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচন। যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া দরকার।"
বিউটেনিসের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, "বিদেশিরা বলছে, ১৮ মাসের মধ্যে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা তৈরির উদ্যোগ একটি দুঃসাহসিক কাজ। তারা কমিশনকে মোটেই চাপ দিচ্ছে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএইচবি/১৯২২ ঘ.
bdnews24