২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকী: কবরে উপস্থিতি বাড়ানোর অনুমতি চেয়েছে বিএনপি

বিএনপি ৩০ মে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতির সংখ্যা কিছুটা বাড়ানোর অনুমতি চেয়েছে। বিএনপি বলেছে তারা দেড় থেকে দুইশ নেতাকর্মী নিয়ে কবর প্রাঙ্গণে মিলাদ মাহফিল করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 09:51 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

এ ছাড়া সীমিতভাবে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ও ঘরোয়াভাবে একটি আলোচনা অনুষ্ঠানেরও অনুমতি চাওয়া হয়েছে।

দলের সহসভাপতি এম কে আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার রাতে তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুমতি চান। বারিধারা দূতাবাস রোডে ব্যারিস্টার মইনুলের বাসায় বিএনপি নেতারা সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন।

বৈঠক থেকে বের হয়ে এম কে আনোয়ার সাংবাদিকদের জানান, দেড় থেকে দুইশ নেতা কর্মী নিয়ে মিলাদ অনুষ্ঠান, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ও ঘরোয়াভাবে একটি আলোচনা অনুষ্ঠানের জন্য আমরা উপদেষ্টাকে বলেছি। তিনি বলেছেন আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

প্রসঙ্গত, এরইমধ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের জন্য খালেদা জিয়ার সঙ্গে দশ থেকে ২০ জন নেতাকর্মী থাকার অনুমতি দিয়েছে।

এম কে আনোয়ার বলেন, “বিএনপি সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়ার শাহদাতবার্ষিকীর উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচি নিয়ে থাকে। এবারে জরুরি অবস্থার কারণে দুইদিনের কর্মসূচির জন্য সরকারের কাছে আবেদন করেছি। সরকার যে অনুমিত দিয়েছে সেগুলোই আবার পুনর্বিবেচনার জন্য উপদেষ্টার সঙ্গে কথা বললাম।”

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন যুগ্মমহাসচিব সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সহদপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

পরে রাতেই বিএনপি নেতারা গুলশানে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করে তাকে বৈঠকের অগ্রগতি সম্পর্কে জানান।