মেয়র কামরানের বিচার শুরু ২১ জুন
সিলেটের কিচেন মার্কেট দুর্নীতি মামলায় মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠিত হয়েছে। আগামী ২১ জুন শুরু হবে বিচার কাজ ।
সোমবার সিলেটের বিভাগীয় জজ ইফতেখার রসুল সিদ্দিকীর এ আদেশ দিয়ে মামলা থেকে তার অব্যাহতির আবেদন নাকচ করে দেন।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু বলেন, “মামলা থেকে মেয়রের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২১ জুন মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।”
২০০৩ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ ১৯ জনকে আসামী করে এ মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে শিবগঞ্জের কিচেন মার্কেট অবৈধভাবে বন্দোবস্ত দেওয়ার অভিযোগ আনা হয়।
এবছরের ফেব্র“য়ারি মাসে দুর্নীতি দমন কমিশন এ মামলার অভিযোগপত্র দেয়। গত ৫ এপ্রিল আদালত মামলার ১৮ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ৬ এপ্রিল বদর উদ্দিন কামরানকে গ্রেপ্তার করা হয়। ৮ মে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে তিনি কুমিল্লা জেল থেকে ছাড়া পান।
এ মামলার দুজন বাদে অন্য আসামীরা জামিনে রয়েছেন। এদের একজন সিটি কর্পোরেশনের কমিশনার আজাদুর রহমান অন্য এক মামলায় কারাগারে আছেন। আরেকজন কমিশনার ওয়াদুদ খালেদ মারা গেছেন।
