২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে বিদায় জানাতে বিমানবন্দরে থাকতে চান ১৫ নেতা

সিঙ্গাপুরের উদ্দেশে দেশে ছাড়ার আগে খালেদা জিয়াকে বিদায় জানাতে দলের ১৫ নেতাকে বিমানবন্দরে থাকতে দেওয়ার জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 03:44 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

অবশ্য খালেদা জিয়া কবে দেশ ছাড়বেন তা এখনো জানানো হয়নি।

মঙ্গলবার দুপুর দুইটা ২০ মিনিটে স্বরাষ্ট্র সচিব আবদুল করিমের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন বিএনপির যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান এবং সহ দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আধ ঘণ্টার বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো অসুস্থ। তারা চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর যাবেন। বিষয়টি জানাতে আমরা সচিবের সঙ্গে দেখা করেছি।”

তিনি বলেন, “দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে সিনিয়র নেতারা যাতে বিমানবন্দরে উপস্থিত থাকতে পারেন, তার অনুমতি চেয়ে ১৫ জনের একটি তালিকা দেওয়া হয়েছে।”

দলের মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়াসহ স্থায়ী কমিটির সদস্য এবং সহ সভাপতিরা ১৫ জনের এ তালিকায় আছেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার দেশ ছাড়ার সময় প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেছেন, “প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে গণমাধ্যমকে দিনক্ষণ জানানো হবে।”  

সোমবার তিনি কেন গেলেন না, এই প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, “অসুস্থ থাকায় তিনি যাননি।”

তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে সিঙ্গাপুরে যাবেন তার ছোট ছেলে কোকো, কোকোর স্ত্রী এবং দুই মেয়ে।

নজরুল ইসলাম খান দাবি করেন, “প্রয়োজনের অতিরিক্ত একদিনও খালেদা জিয়া দেশের বাইরে থাকবেন না।  চিকিৎসা শেষে শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন। কারণ আগামী ৩০ মে শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তিনি দেশে থাকতে চান।”